১৪ বছর ধরে এসি ল্যান্ড নেই
নওগাঁর সাপাহারে দীর্ঘ ১৪ বছর ধরে সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) পদটি শূন্য রয়েছে। এতে দীর্ঘদিন ধরে ভূমিসংক্রান্ত জটিলতা নিরসনে উপজেলার বাসিন্দাদের অত্যন্ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
এসিল্যান্ড পদটি শূন্য থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও চালাতে হচ্ছে। উপজেলা প্রশাসনের কাজের চাপ সামলে ভূমিসংক্রান্ত কাজে ইউএনও নিয়মিত সময় দিতে না পারায় ভূমি কার্যালয়ের কার্যক্রম চলছে ঢিমেতালে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৩ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) ইউনুছ আলী বদলি হলে পদটি শূন্য হয়। এরপর এ পর্যন্ত ওই পদে নতুন কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। পদটি শূন্য থাকায় ভূমি দপ্তরের কার্যক্রম পরিচালনার জন্য ইউএনওকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গত বছরের ১৫ অক্টোবর ইউএনও রুহুল আমিন মিঞা বদলি হয়ে যাওয়ায় উপজেলার ইউএনও ও এসি ল্যান্ডের দুটি পদই শূন্য হয়ে পড়ে। এই দুটি পদে চার মাস ধরে পোরশার ইউএনও ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহীর তানোর থেকে বদলিসূত্রে নতুন ইউএনও যোগদান করে তিনি এখন এসি ল্যান্ডের দায়িত্ব পালন করছেন।
উপজেলার শিরন্টি ইউনিয়নের বাসিন্দা আবদুর রফিক বলেন, ‘এসি ল্যান্ড না থাকায় ভূমি অফিসের পিয়ন থেকে শুরু করে কানুনগো সবাই খেয়ালখুশিমতো চলে। তিন মাস আগে আমার একটি সম্পত্তির মালিকানা হস্তান্তরের কাজ করতে দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কাজ হয়নি।’
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মাসে তিন-চারবারের বেশি ভূমি কার্যালয়ে আসতে পারেন না। এতে দপ্তরে ফাইলের স্তূপ জমে যায়। প্রায় কাজই পোরশা উপজেলায় গিয়ে করে আনতে হয়। ফলে কাজ হয় খুবই ধীরগতিতে।
সাপাহার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার বিকাশ চন্দ্র কবিরাজ বলেন, ‘এসি ল্যান্ড না থাকায় ছয়টি ইউনিয়নে মানুষের ভূমি মালিকানা হস্তান্তর থেকে শুরু করে ভূমি বন্দোবস্ত, নামজারির মতো নানা কাজে অনেক সমস্যা হচ্ছে। এতে নিয়মিত কাজকর্ম সম্পন্ন করতে সময় লাগছে।’
সাপাহারে নতুন দায়িত্বপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আমি ইউএনও হিসেবে এলেও এসি ল্যান্ড পদ শূন্য থাকায় সেটির দায়িত্বও আমাকে পালন করতে হবে। চেষ্টা করব যাতে মানুষের ভোগান্তি না হয়। ভূমি অফিসে মানুষের যে সময়ের মধ্যে যে সেবা পাওয়ার কথা, সেই সময়ের মধ্যেই তা দেওয়ার চেষ্টা থাকবে। তবে শিগগিরই এসি ল্যান্ড পদটি পূরণ হলে প্রশাসনিক কাজকর্মে গতি আসবে। এতে সেবাপ্রত্যাশী মানুষেরও অনেক উপকার হবে।’
জেলা প্রশাসক (ডিসি) আমিনুর রহমান বলেন, ‘প্রশাসনিক কার্যক্রম সচল রাখার জন্য সাপাহারে নতুন একজনকে ইউএনও পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এসি ল্যান্ড পদে নিয়োগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমার কাছে আসেনি।’ কবে নাগাদ এসি ল্যান্ডের পদটি পূরণ হবে তাও নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।