ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর বাজারে অবস্থিত পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণকারী সংস্থার (ওজোপাডিকো) উপকেন্দ্রটি ১৪ বছর ধরে বন্ধ রয়েছে। এতে লো-ভোল্টেজ ও বিদ্যুৎ সরবরাহে সমস্যার কারণে উপজেলার ছয় ইউনিয়নের আট হাজার গ্রাহক ভোগান্তি পোহাচ্ছেন। একই কারণে ওই কেন্দ্রের ভবন ও যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।
হাট গোপালপুর বাজারের বাসিন্দা মসিয়ার রহমান জানান, ১৯৮৮ সালে হাট গোপালপুর বাজারে কেন্দ্রটি চালু করা হয়। একটি দ্বিতল ও একতলা ভবনে কার্যক্রম শুরু হয়। এলাকার পদ্মাকর, হরিশংকরপুর, পোড়াহাটি, দোগাছী ও ফুরসন্দি ইউনিয়নের মানুষের বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ কেন্দ্রের ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা শুরু হয়। ট্রান্সফরমারে ত্রুটির অজুহাত দেখিয়ে ১৯৯৭ সালে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়।
এখানে কর্মরত ছয় কর্মচারীকে ধীরে ধীরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। একপর্যায়ে কেন্দ্রের ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রের ভবনগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এখন ভবনের ভেতরে কুকুর-বিড়াল বসবাস করছে। বাইরে মাদকসেবীরা আড্ডা দিচ্ছে। এখন হাট গোপালপুর বাজার থেকে ২০ কিলোমিটার দূরের জেলা শহরে অবস্থিত ওজোপাডিকোর ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
হাট গোপালপুর বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গ্রাহকেরা যথাযথ সেবা পাচ্ছেন না। দূর থেকে বিদ্যুৎ সরবরাহ করায় প্রায়ই লো-ভোল্টেজ সমস্যা হচ্ছে। এতে এলাকার ৮০০টি চাতাল ও ৬৫টি চালকলের যন্ত্রপাতি চালানো যাচ্ছে না। এ ছাড়া প্রায়ই টিভি ও রেফ্রিজারেটর নষ্ট হয়ে যাচ্ছে।
আমিরুল ইসলাম আরও জানান, উপকেন্দ্রটি যখন চালু ছিল, তখন লাইনে কোনো ত্রুটি দেখা দিলে এক ঘণ্টার মধ্যে তা মেরামত করা হতো। এখন পাঁচ থেকে ছয় ঘণ্টা লেগে যায়। জেলা শহর থেকে এসে লাইনের ত্রুটি খুঁজে বের করতে প্রতিষ্ঠানটির কর্মীদের বেশি সময় লেগে যায়। এ কারণে গ্রাহকেরা ভোগান্তি পোহাচ্ছেন।
ওজোপাডিকোর ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, কী কারণে কেন্দ্রটি বন্ধ করা হয়েছিল তা তিনি বলতে পারেন না। তবে এটা চালু হলে গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীরা উপকৃত হবেন। নষ্ট হওয়া যন্ত্রপাতি মেরামত করে উপকেন্দ্রটি চালু করতে আড়াই কোটি টাকা প্রয়োজন। বিষয়টি তাঁরা ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছেন। শিগগিরই এটি চালু করা হবে।