গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে মৌচাক ইউপির নির্বাচন ১৪ বছর পর আগামীকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে। ইউপি নির্বাচনের ২৩টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকা করেছে উপজেলা প্রশাসন।কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন মৌচাক। দীর্ঘদিন পর এই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আরও গুরুত্ব পাচ্ছে। নির্বাচনের ভোট গ্রহণের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তারা ২৩টি কেন্দ্র নির্ধারিত করেছেন। এর মধ্যে ১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে: সফিপুর সাউথ ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল, হাবিবপুর জামে মসজিদ মাঠ, মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্র, মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ের তিনটি কেন্দ্র, মৌচাক আদর্শ বিদ্যানিকেতন, মৌচাক আইডিয়াল পাবলিক স্কুলের দুটি কেন্দ্র, মৌচাক ইসলামিয়া মাদ্রাসা, ভান্নারা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্র ও বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়।