১৪ বছর পর কেন্দুয়া পৌর আ.লীগের সম্মেলন
প্রায় ১৪ বছর পর নেত্রকোনার কেন্দুয়া পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত মঙ্গলবার উপজেলা শহরের নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে কামরুল হাসান ভূঁইয়াকে পৌর কমিটির সভাপতি ও মো. মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজাহান তালুকদারের সভাপতিত্ব করেন। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম। এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইফতিখার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঁইয়া।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল কাদির ভূঁইয়া বলেন, এর আগে ২০০২ সালে এখানে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।