১৪ বছর পর জমি ফেরত পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৪ বছর পর জমির মালিকানা ফেরত পেলেন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের শতকুড়ি গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক আবদুস সালাম (৭৫)। ওই জমিতে রয়েছে তাঁর বসতবাড়ি।
সিংড়া উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, ১৩৮১ বঙ্গাব্দে উপজেলার ১ নম্বর সুকাশ ইউনিয়নের শতকুড়ি মৌজার ১৭ শতাংশ অর্পিত সম্পত্তির ইজারা নেন শতকুড়ি গ্রামের ফয়েজ কারিগর। ইজারা অনুমোদন হওয়ার আগেই তিনি কিছু টাকার বিনিময়ে ওই জমির দখল ছেড়ে দেন দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক আবদুস সালামের কাছে। ১৪ বছর ধরে তিনি ওই জমি নিজের নামে ইজারা নেওয়ার জন্য সরকারি ভূমি কার্যালয় ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু নিজ নামে কাগজপত্র করতে পারছিলেন না। ইতিমধ্যে আগের ইজারাগ্রহীতা কূটকৌশলে ওই জমিটি সিংড়ার উপজেলা ভূমি কার্যালয় থেকে নিজের নামে নামজারি করে নেন। এ ছাড়া অর্পিত সম্পত্তি হিসেবে তফসিলভুক্ত হওয়ার ঝামেলাও ছিল। নানা জটিলতায় ওই ভিক্ষুক আর নিজ নামে ওই জমির কাগজপত্র তো করতেই পারছিলেন না। দখলও হারাতে বসেছিলেন।
সম্প্রতি ভূমি অফিসের ওই মামলাটি শুনানির উদ্যোগ নেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম। শুনানির সময় তিনি দেখতে পান, আগের মালিকের নামে ইজারা গ্রহণের কাগজপত্র হলেও তিনি এত দিন তা নগদায়নের জন্য সরকারকে রাজস্ব দেননি। এই ত্রুটিতে আগের ইজারা আদেশ বাতিল করা হয়। একই সঙ্গে দখলদার ভিক্ষুকের নামে জমিটি ইজারা দেওয়া হয়। কিন্তু সমস্যা বাধে জমির বকেয়া খাজনার টাকা পরিশোধ করা নিয়ে। কারণ, তাঁর পক্ষে এত টাকা একসঙ্গে পরিশোধ করা সম্ভব নয়।
অবশেষে সহকারী কমিশনার ব্যক্তিগতভাবে ৪২ (১৩৮১-১৪২২) বছরের খাজনা বাবদ ৩ হাজার ৫৭০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে ওই ভিক্ষুকের নামে সব কাগজপত্র তৈরি করে দেন। এতে ওই ভিক্ষুক জমিটির প্রকৃত মালিকানা ফিরে পান। গত বৃহস্পতিবার জমিটির কাগজপত্র আবদুস সালামের হাতে তুলে দেন সহকারী কমিশনার জাহেদুল ইসলাম।
এ সময় আবেগাপ্লুত হয়ে আবদুস সালাম বলেন, ‘জমিটুকু না পেলে আমাক বউ-ছ্যালি লিয়া রাস্তায় নামতে হতো। গত ১৪ বছর ধরি লড়াই করছি কাগজপত্রের জন্য। ভাবিছিনু হয়তো এ জীবনে আর কাগজপত্র হবে না।’
সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলাম জানান, বিষয়টি বেশ ঝামেলাপূর্ণ ছিল। তবে দেরিতে হলেও তিনি সমস্যাটির নিষ্পত্তি করতে পেরে খুশি হয়েছেন।