টাঙ্গাইলের সখীপুরে দীর্ঘ ১৪ বছর পর উপজেলার যাদবপুর ও বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে পঞ্চম ধাপে সখীপুর উপজেলার চারটি ইউনিয়নের সঙ্গে ওই দুইটি ইউনিয়নেরও তফসিল ঘোষণা করা হয়।
দীর্ঘদিন পর তফসিল ঘোষণার খবর পেয়ে ওই দুই ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী, বিভিন্ন দলের কর্মী-সমর্থক ও ভোটারদের মধ্যে আনন্দের ঢেউ বইছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার ওই দুই ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৪ বছর আগে ২০০২ সালে উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগের সমর্থিত খন্দকার বজলুর রহমান চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ২০০৬ সালে টাঙ্গাইলের জেলা প্রশাসক বৃহত্তর যাদবপুরকে ভেঙে যাদবপুর ও বহুরিয়া নামের দুটি ইউনিয়ন গঠন করে প্রজ্ঞাপন জারি করেন। ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে বহুরিয়া গ্রামের শামসুল হক নামের এক ব্যক্তি উচ্চ আদালতে মামলা করলে ওই দুই ইউনিয়নের নির্বাচন কার্যক্রম স্থগিত হয়ে যায়। এ বছরের জানুয়ারিতে উচ্চ আদালত মামলাটি খারিজ করে দেন।
নির্বাচন কমিশন সারা দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময়সূচি নির্ধারণের সময় পঞ্চম দফার তালিকায় সখীপুর উপজেলার চারটি ইউনিয়ন অন্তর্ভুক্ত থাকলেও ওই দুই ইউনিয়নের নাম ছিল না। এ কারণে ইউনিয়ন দুটির সম্ভাব্য প্রার্থীরা চুপচাপ ছিলেন।
এ প্রসঙ্গে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, চার ইউনিয়নে প্রার্থী বাছাই শেষ হয়েছে। হঠাৎ করে আরও দুই ইউনিয়নের নাম আসায় আজকালের মধ্যেই দলীয় প্রার্থীদের আবেদন নিয়ে জেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে।
নবগঠিত বহুরিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া সেলিম বলেন, ‘আমি আজ শুক্রবার দলীয় মনোনয়ন সংগ্রহ করে আজই জমা দেব। ’
১৪ বছর ধরে থাকা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুল বলেন, ‘তফসিল ঘোষণা হওয়ায় আমিও ব্যক্তিগতভাবে খুশি হয়েছি। কারণ, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার জন্য অনেকে না বুঝেই আমাকে দায়ী করেছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার ওই দুই ইউনিয়নসহ সখীপুরের ছয়টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।