বান্দরবানে ১৪ বছর পর রুমা-থানচির দুটি সেতু ও চিম্বুক-থানচি সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। সেতু দুটি ও সড়কটি নির্মাণের মধ্য দিয়ে দুর্গম রুমা-থানচির সঙ্গে সরাসরি দেশের অন্যান্য স্থানের যোগাযোগ সুগম হবে। ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুমা সেতু ও থানচি সেতু এবং চিম্বুক-থানচি ৫৪ কিলোমিটার সড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সেনাবাহিনীর দুটি প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন (ইসিবি) এগুলোর নির্মাণকাজ করেছে। ইসিবি-সড়ক ও জনপদের (সওজ) প্রকৌশলীরা বলেছেন, রুমা সেতু ও বান্দরবান-চিম্বৃুক-থানচি সড়কের চিম্বুক-থানচি অংশের কাজ ১৯৯৭-৯৮ সালে শুরু হয়েছিল। সওজের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক বলেছেন, আর্থিক বরাদ্দ না থাকাসহ বিভিন্ন সংকটে সাঙ্গু সেতুটি ২০১০ সালের মাঝামাঝি পর্যন্ত সওজ এক-চতুর্থাংশ কাজ করেছিল। ২০১০ সালের শেষের দিকে রুমা সেতু ও একই সমস্যার কারণে ১৯৯৭-৯৮ সালে চিম্বুক-থানচি সড়ক সেনাবাহিনীর কাছে নির্মাণের জন্য দেওয়া হয়। রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈবং মারমা বলেছেন, প্রায় দুই দশক আগে বান্দরবান-রুমা সড়কের নির্মাণকাজ শেষ হলেও শুধু একটি সেতুর জন্য রুমা উপজেলা দুর্গম হয়ে রয়েছে। রুমা সেতু নির্মাণ শেষ হওয়ায় রুমা এখন সারা দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে পর্যটনসহ ব্যবসা-বাণিজ্য ও কৃষিজ উৎপাদনের উন্নয়নের সম্ভাবনার দ্বার খুলে যাবে। বান্দরবানের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহামঞ্চদ শামীম বলেন, প্রধানমন্ত্রী ১৭ নভেম্বর সকাল ১০টায় রুমা সেতু ও সাড়ে ১১টায় থানচি সেতু ও সড়ক উদ্বোধন করবেন।