জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৪ বছর পর পাথর্শী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইফতেখার আলম, বিএনপির মো. শফিউল্লাহ বুলবুল ও স্বতস্ত্র প্রার্থী হিসেবে নুরুজ্জামান সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ ওয়ার্ডে সদস্যপদে ৪৮ জন ও সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্যপদে ৭ জন প্রার্থী লড়ছেন। ১০টি কেন্দ্রে ১৯ হাজার ৮৪৮ জন ভোট দেবেন। এ ইউপিতে ২০০৩ সালে সর্বশেষ নির্বাচন হয়। এরপর সীমানা নিয়ে জটিলতার কারণে আর নির্বাচন হয়নি।
বিএনপির প্রার্থী মো. শফিউল্লাহ অভিযোগ করে বলেন, ‘গত ১৬ এপ্রিল উপজেলায় চারটি ইউপিতে নির্বাচন হয়েছে। সেখানে অনেক ভোটকেন্দ্রে সরকারদলীয় প্রার্থীর লোকজন জোর করে সিল মারেন এবং অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় এ নির্বাচনে এমন হওয়ার আশঙ্কা রয়েছে। আমার কর্মীদের প্রকাশ্যে এবং মুঠোফোনে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। দক্ষিণ শশারিয়াবাড়ী, উত্তর শশারিয়াবাড়ী, আছিয়া ও ঢেংগারগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারদলীয় প্রার্থীর লোকজন সিল মেরে নেবেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় রয়েছে। বিষয়গুলো উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।’
স্বতস্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার অভিযোগ করেন, ‘সরকারদলীয় প্রার্থীর লোকজন প্রচারণা চালাচ্ছেন ভোটাররা ভোট না দিলেও তাঁরা জয়ী হবেন। সরকারদলীয় প্রার্থীর লোকজন আমার কর্মীদের ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন।’
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী ইফতেখার আলম প্রথম আলোকে বলেন, ‘এসব অভিযোগের ভিত্তি নেই। আমার লোকজন তাঁদের হুমকি দেয়নি। একটি মাত্র ইউনিয়নের নির্বাচন হওয়ার কারণে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকবেন। ভোট কারচুপির আশঙ্কা ভিত্তিহীন।’
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২০ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। এরপরও ভ্রাম্যমাণ বিজিবি ও র্যাব থাকবে।