দীর্ঘ ১৪ বছর পর রংপুর কারমাইকেল কলেজে ফের উচ্চমাধ্যমিক (এইচএসসি) শ্রেণীর কার্যক্রম চালু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ১৯৯৭ সাল থেকে এই কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণী বন্ধ করে দেওয়া হয়।চিঠিতে বলা হয়, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার পরও এ অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না। এতে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে উচ্চমাধ্যমিক ক্লাস চালুর অনুমতি দেওয়া হয়েছে।রংপুর নাগরিক কমিটির সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল বলেন, এই কলেজে আগে উচ্চমাধ্যমিক বন্ধ থাকায় মেধাবীরা অসুবিধায় পড়ে। এ নিয়ে অনেক আন্দোলন হয়েছে। রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের সদস্যসচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাজী মো. জুননুন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত রাংগা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।কারমাইকেল কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদ চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, এটি একটি ভালো দিক।