১৪ বছর পর মেয়েকে নিয়ে মায়ের আইনি লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রী হালিমা আক্তার তিন মাস বয়স থেকে পালক মায়ের কাছে বড় হচ্ছিল। প্রায় ১৪ বছর পর যুক্তরাজ্য-প্রবাসী এক নারী হালিমার গর্ভধারিণী দাবি করে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত ডিএনএ পরীক্ষার মাধ্যমে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্য-প্রবাসী নারীকে হালিমার গর্ভধারিণী নির্ধারণ করে পালক মায়ের কাছ থেকে আসল মায়ের হেফাজতে নেওয়ার আদেশ দেন।আদালতের এ আদেশ মেনে নিতে পারেনি স্কুলছাত্রী হালিমা। একপর্যায়ে সে আত্মহত্যার হুমকি দেয়। এ অবস্থায় আদালত আগের আদেশ পরিবর্তন করে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত হালিমাকে নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, সিলেট সরকারি অগ্রগামী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী হালিমা আক্তার তিন মাস বয়স থেকে প্রতিপালিত হচ্ছিল নগরের কলবাখানি এলাকার বাসিন্দা রোজিনা বেগমের (৫৫) কাছে। হালিমা রোজিনাকেই তার মা জানত। জন্মদাতা বাবা-মায়ের পরিচয় তার জানা ছিল না। গত ২২ ফেব্রুয়ারি আজহারুন নেছা (৩৩) সিলেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হালিমার মা দাবি করে মেয়েকে নিজের কাছে নেওয়ার জন্য মামলা করেন। হালিমার প্রতিপালক মা রোজিনা বেগম আদালতকে জানান, তিনি আজহারুন নেছাকে চেনেন না।হালিমার মা তাহলে কে? এই নিয়ে জটিলতা দেখা দিলে আদালতের নির্দেশে আজহারুন নেছার সঙ্গে হালিমার ডিএনএ পরীক্ষা হয় এবং এর ফলাফল দেখে আদালত আজহারুন নেছাকে হালিমার প্রকৃত মা নির্ধারণ করে গতকাল দুপুরে তাঁর হেফাজতে দেওয়ার আদেশ দেন। আদালতের এ আদেশে হালিমা ভেঙে পড়ে। একপর্যায়ে আদালতপাড়ায় অবস্থান করে আত্মহত্যার হুমকি দেয় হালিমা। এ অবস্থায় পালক মা আদালতের ওই আদেশ বাতিল করার আবেদন করলে বিকেল সাড়ে চারটায় ওই আদেশের শুনানি শুরু হয় একই আদালতে। শুনানি শেষে আদালত আগের আদেশ বাতিল করে হালিমাকে ১৮ বছর না হওয়া পর্যন্ত নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেন।হালিমা সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলে, ‘উনি (আজাহারুন নেছা) যদি আমার মা হন, তাহলে আমাকে তিন মাস বয়সে ফেলে গেলেন কেন? যিনি (রোজিনা বেগম) আমাকে মায়ের আদর দিয়ে বড় করেছেন, তিনিই আমার মা...তাঁকে ছেড়ে আমি কারো কাছে যাব না!’ হালিমার কথা শুনে পালক মা পাশে থেকে কেবল কাঁদছিলেন। তিনি জানান, হালিমাকে তিন মাস বয়স থেকে প্রতিপালন করছেন। হালিমা যে তাঁর মেয়ে নয়, বিষয়টি তাঁর কোনো সময় মনেই হয়নি।হালিমার মা আজহারুন নেছা বলেন, ‘হালিমা আমারই মেয়ে...।’ আর কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। তাঁর পক্ষের আইনজীবী জোছনা ইসলাম বলেন, ‘আজহারুন নেছার দুটি বিয়ে হয়েছিল। প্রথম বিয়ের সন্তান হালিমা। লালন-পালনের জন্য হালিমাকে রোজিনার কাছে দিয়ে গিয়েছিলেন। এখন হালিমাকে না দেওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে।’