১৪ বছরে তিন লাখ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে
গত ১৪ বছরে (১৯৯৬-২০০৯) বিদেশ থেকে তিন লাখ ৩৫ হাজার ৮১৮ দশমিক ১৫ কোটি টাকার (৫৫,৯০৪ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার) বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। সরকারি দলের সাংসদ নুরুল ইসলাম সুজনের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল বুধবার জাতীয় সংসদে এ কথা জানান। শ্রমিকদের রেমিট্যান্স বাড়াতে সরকার প্রবাসী ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রেমিট্যান্স পাঠাতে প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে ‘মানি লন্ডারিং অ্যাক্ট’ কার্যকরভাবে বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, শ্রমিক রপ্তানি বাড়ানোর লক্ষ্যে নতুন শ্রম বাজার হিসেবে রুমানিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, গ্রিস, ইরাক, তানজানিয়া, লাইবেরিয়া, অ্যাঙ্গোলা, আলজেরিয়া, নাইজেরিয়া প্রভৃতি দেশে কর্মী যাওয়া শুরু হয়েছে।বেকারের সংখ্যা ২১ লাখ: স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ১৫ বছর বয়সী এবং এর ওপরের বয়সী বেকারের সংখ্যা ২১ লাখ। তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে ২০০৫-২০০৬’ অনুসারে এ সংখ্যা দেওয়া হয়েছে। এরপর আর কোনো জরিপ প্রতিবেদন প্রকাশিত হয়নি। মন্ত্রী বলেন, দেশে বেকারত্ব দূর করতে সরকার বেশ কিছু কাজ হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে যুবসমাজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত করা, মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা, ২০১৩ সালের মধ্যে মাধ্যমিক স্তর এবং ২০২১ সালের মধ্যে প্রাথমিক স্তরে আইটি শিক্ষা বাধ্যতামূলক করা। অপর এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৩৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪৫টি বিষয়ে ৪২ হাজার যুব ও যুব মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছে। ৬৭ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান জানান, ১৯৭৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬৭ লাখ ৪১ হাজার ১৮৭ জন বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। নওগাঁর সাংসদ সাধন মজুমদারের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বায়েসল) ও বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসব বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ২০০৯ সালে চার লাখ ৭৫ হাজার ৯৭৮ জনকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।বিদেশে কর্মসংস্থানে যেতে অনেক রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে অনেকে নিঃস্ব হচ্ছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে মুন্নুজান সুফিয়ান বলেন, বর্তমান সরকার এ ধরনের প্রতারণা বন্ধের ব্যবস্থা নিয়েছে। অনেক এজেন্সির লাইসেন্স বাতিল করা হচ্ছে। প্রবাসে মহিলাদের অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগের বিষয়েও মন্ত্রণালয় সজাগ। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, এখন থেকে কাউকে বিদেশে যেতে ভিটেবাড়ি বিক্রি করতে হবে না। কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে তাঁরা বিদেশ যেতে পারবেন। এ ক্ষেত্রে পর্যায়ক্রমে ঋণ পরিশোধ করতে হবে।