১৪ বছরে দাঁড়িয়েছে ৭টি স্তম্ভ

এপারে বগুড়ার সোনাতলা। ওপারে গাইবান্ধার সাঘাটা। মাঝখানে বাঙ্গালী নদী। দুই পাড়ের মানুষের প্রাণের দাবি, নদী পারাপারের জন্য একটি সেতু। ঢাকঢোল পিটিয়ে সেই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনও হয়েছিল। তৎকালীন যোগাযোগমন্ত্রী নিজেই এসেছিলেন সেতুর ভিত্তি স্থাপন করতে। এরপর সেতু নির্মাণের কাজও শুরু হয়েছিল। কিন্তু সেই শুরুর আর যেন শেষ নেই।
এরই মধ্যে কেটে গেছে ১৪টি বছর। কূল ভেঙে নদী সরে গেছে বগুড়ার সীমানার দিকে। বদলে গেছে নদীর গতিপথ। বদলাতে হয়েছে সেতুর নকশাও। বেড়ে গেছে সেতুর দৈর্ঘ্য। নির্মাণব্যয় বেড়ে দ্বিগুণ হয়েছে। বদলেছে ঠিকাদার। ভিত্তি স্থাপন করা হয়েছে আরেক দফা। তার পরও সেতুর কাজ শেষ হওয়া নিয়ে স্থানীয় লোকজনের অনিশ্চয়তা কাটছে না।
কারণ, এই ১৪ বছরে সেতুটির মাত্র সাতটি স্তম্ভের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় দফা সেতুর কাজ শুরু হয়েছে। কিন্তু চলছে মন্থর গতিতে। গাইবান্ধা-সোনাতলা সড়কে বাঙ্গালী নদীর ওপর আলোচিত এই অসমাপ্ত সেতুটির নাম ‘মেলান্দহ সেতু’।
সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় থেকে জানা যায়, গাইবান্ধা-জুমঞ্চারবাড়ি-সোনাতলা সড়কে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করে। মেলান্দহ ঘাটে এসে এসব মানুষকে খেয়ানৌকায় নদী পার হতে হয়। বাসে যাতায়াত করতে গেলে কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হয়। এতে প্রচুর সময় লাগে। ভোগান্তি কমাতে মেলান্দহ ঘাটে একটি সেতু নির্মাণের দাবি তোলেন এলাকাবাসী। ১৯৯৯ সালে মেলান্দহ পিসি গার্ডার সেতু নির্মাণে প্রায় ছয় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সেতু নির্মাণের কাজ পায় ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ওই বছরের ৪ জুন তৎকালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন সেতুর পূর্বপ্রান্তে ভিত্তি স্থাপন করেন।
কাজ শুরুর দুই বছরের মধ্যে তা শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক বছরেও সেতুর মাত্র তিনটি স্তম্ভ নির্মাণ করে প্রায় পৌনে তিন কোটি টাকার বিল তুলে নেয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির ওই সময়ের কর্মকর্তা নাহিরুল হক দাবি করেন, অর্থসংকট ও নির্মাণ উপকরণের দাম বেড়ে যাওয়ায় কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
সওজ সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৫২টি অসমাপ্ত সড়ক-সেতু নির্মাণে একটি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। সে অনুযায়ী ২০১০ সালে মেলান্দহ সেতু নির্মাণে দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করা হয়। ওই বছরের ২৭ মার্চ দ্বিতীয়বারের মতো ভিত্তি স্থাপন করেন স্থানীয় সাংসদ ফজলে রাব্বী মিয়া। দ্বিতীয় দফা কাজ পায় ‘মো. মঈনুদ্দিন বাঁশী’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
১৯৯৯ সালে সেতুটির নির্মাণব্যয় ধরা হয়েছিল প্রায় ছয় কোটি টাকা। ২০১০ সালে সেই সেতুর নির্মাণব্যয় ধরা হয় ১১ কোটি ৫৫ লাখ টাকা। প্রথমবার সেতুর দৈর্ঘ্য ধরা হয়েছিল ১৮৫ মিটার। নদী সরে যাওয়ায় দ্বিতীয়বার সেতুর দৈর্ঘ্য আরও ৭৫ মিটার বাড়িয়ে ২৬০ মিটার ধরা হয়েছে।
কাজটি দেখভালের দায়িত্বে থাকা গাইবান্ধা সওজের কর্মকর্তা আজমল হোসেন বলেন, ‘কার্যাদেশ অনুযায়ী গত মার্চে সেতুটির নির্মাণকাজ শেষ করে তা বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি এ পর্যন্ত নতুন করে চারটি স্তম্ভ নির্মাণ করেছে মাত্র। গত এপ্রিলে প্রতিষ্ঠানটি প্রথম দফায় আড়াই কোটি টাকার বিল তুলে নিয়েছে।’
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রকৌশলী এনতাজুল হক দাবি করেন, ২০১০ সালে কার্যাদেশ পেলেও সাইট বুঝে পাওয়া গেছে প্রায় এক বছর পর। সেতুর চূড়ান্ত নকশা পেতে আরও বেশ কিছু সময় চলে যায়। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় নকশাও বদলে যায়। প্রয়োজন পড়ে নিরীক্ষণ বরাদ্দের। ইতিমধ্যে প্রধান প্রকৌশলী নির্মাণ এলাকা ঘুরে গেছেন। এখন পুরোদমে কাজ চলছে। বিল ঠিকঠাক মতো দেওয়া হলে আগামী এক বছরের মধ্যেই কাজ শেষ হবে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বর্তমান ঠিকাদারের আট থেকে ১০ জন শ্রমিক নদীর পশ্চিম প্রান্তে পাইলিং করার কাজ করছেন। পাশে খেয়াঘাটের নৌকায় লোকজন নদী পারাপার হচ্ছেন। খেয়ানৌকায় মানুষ পার করে দিতে জনপ্রতি দুই টাকা, ভ্যান-রিকশা ও মোটরসাইকেল পারাপারে ১০ টাকা করে নিচ্ছেন মাঝি।