১৪ বছরে মূল সেতু হয়েছে, সংযোগ সড়ক কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নলাম এলাকায় বংশী নদীর ওপর মূল সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে ১৪ বছরে। কিন্তু সেতুর উভয় পাশে সংযোগ সড়ক আজও নির্মিত হয়নি। দীর্ঘদিনেও পুরো সেতু তৈরি না হওয়ায় প্রায় পাঁচ লাখ লোক সড়ক যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

আশুলিয়ায় সড়ক ও সেতু নির্মাণের বিষয়টি দেখভাল করে মানিকগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর। ওই কার্যালয়ের কর্মকর্তারা জানান, ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নলাম-শিমুলিয়া সড়কে বংশী নদীর ওপর ৯৪ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রস্থ সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজ পাওয়ার পর ঠিকাদার তিনটি পিলারের নির্মাণ করে উধাও হয়ে যান। পরে অসমাপ্ত সেতু সমাপ্তকরণ প্রকল্পের আওতায় নলাম সেতুর নির্মাণকাজ শেষ করতে ২০১০ সালে পুনরায় দরপত্র আহ্বান করা হয়। উভয় পাশের সংযোগ সড়কসহ মূল সেতু নির্মাণের ব্যয় ধরা হয় চার কোটি ৯৮ লাখ টাকা। দরপত্রে অংশ নিয়ে কাজ পায় পারিসা ট্রেড সিস্টেম লিমিটেড।

সওজ জানায়, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত দুই বছরে চুক্তির ৯৫ ভাগ কাজ সমাপ্ত করার পর পারিসা ট্রেড সিস্টেম লিমিটেডের স্বত্বাধিকারী জাহাঙ্গীর সাত্তার মারা যান। এরপর আর কাজ এগোয়নি।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মূল সেতুর নির্মাণকাজ প্রায় শেষ হলেও সেতুর উভয় পাশে কোনো সংযোগ সড়ক নেই। চলাচলের জন্য স্থানীয় ব্যক্তিরা সেতুর উভয় পাশে বাঁশের সাঁকো স্থাপন করেছেন।

স্থানীয় ব্যক্তিরা জানান, সেতু নির্মাণের পর দীর্ঘদিনেও সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুর উভয় প্রান্তের ধামসোনা, উনাইন, কাইজান, কাছইর, টাঙ্গীন্দা, শিমুলিয়া, বাইনটেকি, নলাম, বাঁশবাড়ী, নয়ানগর, খেজুরটেক, কাঁকরনানসহ আরও কয়েকটি গ্রামের প্রায় পাঁচ লাখ লোক ভোগান্তির মধ্যে পড়েছে।

নলাম গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বলেন, এক যুগেরও বেশি সময় ধরে সেতুটির নির্মাণকাজ শেষ হচ্ছে না। এলাকারবাসীর পক্ষ থেকে স্থানীয় সাংসদসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিকে জানানোর পরেও সংযোগ সড়ক নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

সংযোগ সড়ক নির্মাণের ব্যাপারে বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান পারিসা ট্রেড সিস্টেম লিমিটেডের কাউকে না যায়নি।

সওজ মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, নলাম সেতুর নির্মাণকাজ প্রায় শেষ হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে এক কোটি ৩৯ লাখ টাকা বিল দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানের মালিক মারা যাওয়ার পর ওই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার হদিস পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটির কার্যালয়েরও হদিস পাওয়া যাচ্ছে না। এ কারণে বাকি কাজের কোনো কূলকিনারা করা যাচ্ছে না।

প্রকৌশলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চুক্তি বাতিল করে অবশিষ্ট টাকায় সংযোগ সড়ক নির্মাণ করা যায় কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।