গত ১৪ বছরে পার্বত্য চুক্তির পর সরকারের কাছে অস্ত্র জমাদানকারী সাবেক শান্তিবাহিনীর ২২ জন সদস্য চুক্তিবিরোধীদের হাতে খুন হয়েছেন। সরকার চুক্তি বাস্তবায়ন না করায় এবং শান্তিবাহিনীর সদস্যদের পুনর্বাসনের উদ্যোগ না থাকায় সাবেক এই সশস্ত্র বিদ্রোহীরা প্রতিপক্ষের হাতে খুন হচ্ছেন বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা অভিযোগ করেন, সরকারের কাছে অস্ত্র জমা দেওয়ার আগেই পার্বত্য চুক্তিবিরোধী ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের) সশস্ত্র সদস্যরা তাঁদের কর্মীদের হত্যাযজ্ঞ শুরু করে। তিনি জানান, রাঙামাটির নানিয়ারচর উপজেলার কুতুকছড়িতে ইউপিডিএফের হাতে প্রথম খুন হয়েছিলেন অশ্বিনী কুমার চাকমা। তাঁকে খুন করা হয় ১৯৯৮ সালের ১৮ জানুয়ারি। পরবর্তী সময়ে অস্ত্র জমা দেওয়ার পর খাগড়াছড়ি সদর উপজেলায় গুলি করে হত্যা করা হয় ত্রিদিব চাকমা ওরফে অরজিন (৩২) নামের শান্তিবাহিনীর এক সদস্যকে। সর্বশেষ খুন হলেন শুক্র চাকমা (৫৫)। তাঁকে গত বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিয়ে খুন করা হয়। এ খুনের ঘটনার জন্য চুক্তিবিরোধী ইউপিডিএফকে দায়ী করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। তবে ইউপিডিএফ এ হত্যাকাণ্ডে তাদের কোনো সদস্যের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেছে, এটা মিথ্যা ও বানোয়াট অভিযোগ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘ দুই যুগের বেশি সময় সশস্ত্র সংগ্রামে জড়িত ছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। জনসংহতি সমিতির সশস্ত্র শাখা ছিল শান্তিবাহিনী। পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি পরবর্তী সময়ে পার্বত্য চুক্তি বা পার্বত্য শান্তিচুক্তি নামে পরিচিতি পায়। জনসংহতি সমিতি সূত্রে জানা গেছে, পার্বত্য চুক্তির আওতায় ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি থেকে চার দফায় সশস্ত্র শান্তিবাহিনীর মোট এক হাজার ৯৬৬ জন সদস্য অস্ত্র জমা দেন। ওই সময় জনপ্রতি তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা নগদ দেওয়া হয়। চুক্তির শর্ত মোতাবেক অস্ত্র জমাদানকারী শান্তিবাহিনীর সদস্যদের পুনর্বাসনের কথা রয়েছে। ওই শর্ত অনুযায়ী শান্তিবাহিনীর ৬০০ সদস্যকে পুলিশ বিভাগ ও ১১ জনকে ট্রাফিক সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। শান্তিবাহিনীর অবশিষ্ট সদস্যদের পুনর্বাসন বা সহজ শর্তে ঋণ দেওয়ার কথা থাকলেও সরকার তা করেনি বলে জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার অভিযোগ করেন।