১৪ বছরেও দুঃখ ঘোচেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ বছর আগে বন্যার পানিতে সেতুর এক প্রান্তের সংযোগ সড়ক ভেসে যাওয়ায় সেতুটি কাজে আসছিল না। পরে এলাকাবাসী প্রায় ১০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো তৈরি করে সেতুর সঙ্গে সংযোগ স্থাপন করেন। ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ এই সাঁকো পার হয়ে সেতু দিয়ে চলাচল করছে। এতে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।এভাবেই চলছে ১৪ বছর। এটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নে মাথাভাঙ্গা নদীর ওপর কাটাগাং সেতু।গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, মাথাভাঙ্গা নদীর পশ্চিম পাড়ে খলিশাকুণ্ডি গ্রামের প্রায় ২৫ হাজার লোকের বাস। নদীর ওপারে গ্রামের ফসলি জমির মাঠ ও পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা। ফসল আনা-নেওয়া ও গাংনী এলাকার গ্রামে যেতে প্রতিদিন শত শত মানুষ এই সেতু পার হচ্ছে। সেতুর দুই পাশের রেলিং সংস্কারের অভাবে খসে পড়ছে। আর ১০০ ফুট দীর্ঘ সাঁকো দিয়ে লোকজন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এলাকাবাসী জানান, সত্তরের দশকে পানি উন্নয়ন বোর্ড সেতুটি নির্মাণ করে। আফাজ উদ্দিন নামের এক ভ্যানচালক জানান, দেড় বছর আগে এই সেতু পার হতে গিয়ে তিনি ভ্যানসহ পানিতে পড়ে যান। গত তিন বছরে তাঁর মতো এলাকার প্রায় ১৫-২০ জন সেতু পার হতে গিয়ে পড়ে আঘাত পেয়েছেন। কৃষক ইদ্রিস আলী বলেন, বর্ষা মৌসুমে সাঁকোর বাঁশের পাটাতন ভিজে পিচ্ছিল হয়ে যায়। তখন কৃষকের কষ্ট আরও বেড়ে যায়। পা পিছলে অনেকে নদীতে পড়ে যান। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা খুব কষ্টে সেতু পার হয়। আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘অনেক নেতা দেখেশুনে গিছে, ভোটের সুমায় সব নেতাই বড় বড় কথা দিই যায়, ভোটও শেষ, কথাও শেষ।’পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, সেতুটি সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই। প্রতিবছরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়, কিন্তু কোনো কাজ হয় না।