১৪ বছরেও নির্মাণ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঘাঘট সেতুর নির্মাণকাজ ১৪ বছরেও শেষ হয়নি। কবে কাজ শেষ হবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ কারণে সাদুল্যাপুরসহ সুন্দরগঞ্জ ও সদর উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তবে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ সেতুর নির্মাণকাজে বিলম্ব হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন।
এলাকার অনেকের অভিযোগ, ২৭ বছর ধরে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী চৌধুরী। তিনি ১৯৮৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট ছয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু তিনি এ সেতুর কাজ সম্পন্ন করতে কোনো ভূমিকা রাখেননি।
সরেজমিনে দেখা গেছে, দুই শিশুসন্তান নিয়ে মোটরসাইকেলে ঘাঘট নদীর ওপর নির্মিত সাঁকো পার হচ্ছেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। সাদুল্যাপুরের মনদুয়ার গ্রামে তাঁর বাড়ি। সাঁকো থেকে সড়কে উঠে বললেন, ‘কী বলব ভাই! বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে ১৪ বছর ধরে পারাপার হচ্ছি। এভাবেই আর কত দিন চলবে জানি না। প্রতিবারই আশা নিয়ে ভোট দিই। এবার প্রার্থীরা ভোট চাইতে আসুক, দাঁতভাঙা জবাব দেব।’
গাইবান্ধার সওজ কার্যালয় সূত্র জানায়, ১৯৯৯ সালের ডিসেম্বরে সাদুল্যাপুর-লক্ষ্মীপুর-সুন্দরগঞ্জ সড়কের সাদুল্যাপুর শহরের খেয়াঘাট এলাকায় ঘাঘট নদীর ওপর সেতু নির্মাণ শুরু হয়। এর দৈর্ঘ্য ৯৯ দশমিক ১০ মিটার ও প্রস্থ ২৪ ফুট। এতে ব্যয় ধরা হয় এক কোটি ২৩ লাখ টাকা। এই টাকা দিয়ে দীর্ঘ ১৩ বছরে মাত্র চারটি পিলার নির্মিত হয়। তখন নির্মাণকাজের দায়িত্ব পায় গাইবান্ধার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রূপায়ণ।
প্রথমে ইস্পাত সেতু নির্মাণের কথা থাকলেও পরে নকশা পরিবর্তন করে ছাদ ঢালাইয়ের সিদ্ধান্ত হয়। এ বছরের জুনে সেতুর ছাদ ঢালাই ও সংযোগ সড়ক নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় প্রায় ছয় কোটি টাকা। এর মধ্যে ১৫ ডিসেম্বর পর্যন্ত বরাদ্দ পাওয়া যায় মাত্র দেড় কোটি টাকা। কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মীর শরিফুল ইসলাম।
চলতি ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা। তবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ছাদ ঢালাইয়ের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এদিকে সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ এখনো শেষ হয়নি। ওই (মেসার্স মীর শরিফুল ইসলাম) ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মুনছুর রহমান জানান, জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় কাজে দেরি হচ্ছে।
সাদুল্যাপুর নাগরিক কমিটির আহ্বায়ক আবদুল হান্নান জানান, সেতুটি নির্মিত হলে সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের পাঁচ লক্ষাধিক মানুষের সড়কপথে যোগাযোগ সহজ হবে।
উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম জানান, সাঁকো দিয়ে ঘাঘট নদী পারাপারে প্রতিটি মোটরসাইকেল পাঁচ টাকা, বাইসাইকেল এক টাকা ও রিকসা-ভ্যান পাঁচ টাকা নেওয়া হচ্ছে। মূলত সওজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে নির্মাণকাজে বিলম্ব হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম প্রথম আলোকে জানান, সময়মতো অর্থ বরাদ্দ না পাওয়ায় নির্মাণকাজ বিলম্ব হচ্ছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে লেখালেখি চলছে। বরাদ্দ পাওয়া গেলে আগামী বছরের জুন মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে।
তবে সাংসদ ফজলে রাব্বী চৌধুরী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমার প্রচেষ্টায় সেতুর নির্মাণকাজে অগ্রগতি হয়েছে।’