বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ১৪ বছর পরও ঘটনার বিচার হয়নি। আসামিপক্ষের অভিযোগ, রাষ্ট্রপক্ষের কারণে কচ্ছপগতিতে চলছে মামলার কার্যক্রম। মামলাটি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।
২০১৪ সালের ৪ সেপ্টেম্বর বিচারক ইমরুল কায়েস মামলায় অভিযোগ গঠন করেন। তিনি বদলি হওয়ায় বিচারক এস এম জিয়াউর রহমানের কাছে মামলাটি স্থানান্তর করা হয়। একই ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার বিচারকাজ এ আদালতে চলছে।
মামলার ধীরগতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল প্রথম আলোকে বলেন, ওই ঘটনার পর কয়েকটি সরকার ক্ষমতায় ছিল। কিন্তু কোনো সরকার মামলাটি গুরুত্বের সঙ্গে নেয়নি। তিনি বলেন, অদক্ষতা, উদাসীনতা না অন্য কোনো কারণে আজও এর বিচার হয়নি, সেটি তাঁর কাছেও বড় প্রশ্ন।
আদালত সূত্র জানায়, বিস্ফোরক মামলায় ১০৭ জন সাক্ষীর মধ্যে ১৪ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপক্ষ ১৬ জন এবং হত্যা মামলায় ১২ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষের অভিযোগ হচ্ছে রাষ্ট্রপক্ষের অবহেলায় এত দিনে মামলাটির বিচার হয়নি।
এ প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রথম আলোকে বলেন, এ মামলায় ১০৭ জনকে সাক্ষী করা হয়েছে। অধিকাংশই সাজানো সাক্ষী। রাষ্ট্রপক্ষ সাক্ষীদের হাজিরও করতে পারছেন না। এ কারণে কচ্ছপগতিতে মামলার বিচারকাজ চলছে বছরের পর বছর।
আসামিপক্ষের বক্তব্যের বিরোধিতা করে সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান খান বলেন, বিএনপি-জামায়াত সরকারের মেয়াদে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। ২০০৫ সালে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়। সিআইডি তদন্ত শেষে ২০১৩ সালে অভিযোগপত্র দেয়। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়েছে। দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।
পল্টনে ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলায় নিহত হন পাঁচজন, আহত হয়েছিলেন অন্তত ২০ জন। ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, আবদুল মজিদ, আবুল হাশেম ও মুক্তার হোসেন। আহত হওয়ার ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস।
বিএনপি সরকারের আমলে ২০০৩ সালের ১৭ ডিসেম্বর মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। পরে ২০০৫ সালে মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়। আদালত ওই বছরের ১ ফেব্রুয়ারি মামলাটি পুনরুজ্জীবিত করার আদেশ দেন। ২০০৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাটির তদন্তে গতি পায়।
দীর্ঘ তদন্ত শেষে ২০১৩ সালের ২৭ নভেম্বর ১৩ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেয় সিআইডি। এ মামলায় কারাগারে আটক আছেন জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান, মুফতি মাঈনুদ্দিন শেখ, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ও আরিফ হাসান সুমন। আর মাওলানা মশিউর রহমান, আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, নুরুল ইসলাম, মহিবুল মুস্তাকিম, আনিসুল মুরসালিন ও রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বামপন্থীদের ওপর হামলার মধ্য দিয়ে এ দেশে জঙ্গি সন্ত্রাসের উত্থান হয়। তখন আমরা সরকারকে জঙ্গিবাদ শক্তভাবে এবং অঙ্কুরে মোকাবিলা করতে বলেছিলাম। সেটা শোনা হলে আজ এই অপশক্তি এভাবে মাথা তুলতে পারত না।’