১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা ১৪ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও মিয়ানমারের জাতীয় অভিবাসন সংস্থার মধ্যে এক পতাকা বৈঠক শেষে আজ মঙ্গলবার দুপুরে তাঁদের ফেরত দেওয়া হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, নাগরিকত্ব যাচাই বাছাই করে এ ১৪ জনকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফেরত দেওয়া ১৪ জনের মধ্যে টেকনাফের তিনজন, উখিয়ার তিনজন, বান্দরবানের তিনজন, চট্টগ্রামের তিনজন, মহেশখালীর একজন ও ঢাকার একজন বাসিন্দা বলে জানা গেছে। ৭৫ মাস সাজা খাটা বান্দরবানের ডুলুপাড়ার মো. ইউনুছ জানান, শঙ্গুখালে মাছ শিকারের সময় মিয়ানমারের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী নাসাকা তাকে ধরে ছয় বছরের সাজা দেয়।
ঢাকার দোহারের মো. রাজিব খান জানান, ২০০৯ সালের জানুয়ারি মাসের শেষের দিকে চট্টগ্রামের গহিরা থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে ৮৮ জন যাত্রীসহ ট্রলারটি বিকল হয়ে যায়। সাত দিন সাগরে ভাসমান থাকার পর মিয়ানমার নৌবাহিনী তাঁদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। মিয়ানমারের বুচিদং ও আকিয়াব কারাগারে আরও প্রায় তিন শতাধিক বাংলাদেশি নাগরিক আটকা রয়েছেন। এদের মধ্যে অধিকাংশ লোক মালয়েশিয়াগামী যাত্রী।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারের মংডু শহরে আজ সকালে বিজিবির একটি প্রতিনিধিদলের সঙ্গে দেশটির অভিবাসন সংস্থার প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৪২ বিজিবির টেকনাফ সদর চৌকির কোম্পানি কমান্ডার মো. জাকারিয়া। মিয়ানমারের পক্ষে ছিলেন মংডু অভিবাসন কেন্দ্রের কর্মকর্তা উ থোন থোন। বৈঠকে কক্সবাজারের জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার মো. মোবারক হোসেন ও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মো. কবির হোসেন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেলা একটার দিকে দেশটিতে বিভিন্ন অপরাধে সাজা ভোগ করা ১৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি প্রতিনিধিদলটি টেকনাফে এসে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করে।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, সম্প্রতি মিয়ানমার বাংলাদেশি বন্দীদের একটি তালিকা বিজিবির কাছে পাঠায়। তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর যাচাই-বাছাই করে ওই ১৪ জনকে দেশে আনার অনুমতি দেওয়া হয়। জেলা প্রশাসক ও পুলিশের প্রতিনিধিসহ মিয়ানমারে গিয়ে বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত আনা হয়েছে। তিনি জানান, আগামী কিছুদিনের মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষ হওয়া আরও শতাধিক বন্দীকে দেশে ফেরত আনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে।