১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার
মিয়ানমারের কারাগারে সাজা ভোগ করা ১৪ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও মিয়ানমারের জাতীয় অভিবাসন সংস্থার মধ্যে গতকাল মঙ্গলবার বৈঠক শেষে তাঁদের ফেরত দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের মংডু শহরে গতকাল অনুষ্ঠিত বৈঠকে বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৪২ বিজিবির টেকনাফ সদর চৌকির কোম্পানি কমান্ডার মো. জাকারিয়া। মিয়ানমারের পক্ষে ছিলেন মংডু অভিবাসনকেন্দ্রের কর্মকর্তা উ থোন থোন। বৈঠকে কক্সবাজারের জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার মো. মোবারক হোসেন ও টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিভিন্ন অপরাধে মিয়ানমারে সাজা ভোগ করা ১৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁদের টেকনাফ ফেরত এনে পুলিশে সোপর্দ করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, মিয়ানমারের কারাগারে সাজা ভোগ করা ১৪ জনের নাগরিকত্ব যাচাই-বাচাই করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাজা ভোগ করে দেশে ফেরত আসা ঢাকার দোহারের মো. রাজিব খান জানান, ২০০৯ সালের জানুয়ারির শেষের দিকে তিনি সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিলেন। সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে ৮৮ জন যাত্রীসহ ট্রলারটি বিকল হয়ে যায়। সাত দিন সাগরে ভাসমান থাকার পর মিয়ানমারের নৌবাহিনী তাঁদের আটক করে। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তিনি জানান, মিয়ানমারের বুচিদং ও আকিয়াব কারাগারে আরও তিন শতাধিক বাংলাদেশি নাগরিক বন্দী আছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই মালয়েশিয়াগামী যাত্রী।
বান্দরবানের মো. ইউনুছ জানান, খালে মাছ শিকারের সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী তাঁকে ধরে নিয়ে যায়। পরে তাঁকে ছয় বছরের সাজা দেওয়া হয়।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, সম্প্রতি মিয়ানমার বাংলাদেশি বন্দীদের একটি তালিকা বিজিবির কাছে পাঠায়। তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর যাচাই-বাছাই করে ওই ১৪ জনকে দেশে ফেরত আনার অনুমতি দেওয়া হয়।