১৪ বিদ্যালয়ে নেই আইসিটির শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বেসরকারি ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের কোনো শিক্ষক নেই। এ কারণে অন্য বিষয়ের শিক্ষক দিয়ে করানো হচ্ছে ওই বিষয়ের পাঠদান। এতে শিক্ষার্থীরা ওই বিষয়ে প্রকৃত শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৩৪টি মাধ্যমিক ও ৫টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং ১৭টি দাখিল মাদ্রাসা রয়েছে। এর মধ্যে নাজিরদহ একতা মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমারী মাধ্যমিক বিদ্যালয়, গাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়, উদয় নারায়ণ মাছহারী মাধ্যমিক বিদ্যালয়, নিজদর্পা মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া দাখিল মাদ্রাসা, পাটোয়ারিটারী দাখিল মাদ্রাসা, শিবু কুটিরপাড় দাখিল মাদ্রাসা, শিবু নিম্নমাধ্যমিক বিদ্যালয়, প্রাণনাথ আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মেনাজ উদ্দিন নিম্নমাধ্যমিক বিদ্যালয়, হরিচরণ লস্কর আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ভুতছাড়া আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও সাধু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি বিষয়ের শিক্ষক নেই। অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে বিষয়টি দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে সরকার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম; ২০১৩ সালে নবম এবং ২০১৪ সালে দশম শ্রেণিতে আইসিটি বিষয়টি বাধ্যতামূলক করে। ২০১২ সালের আগে ওই শ্রেণিগুলোতে পাঠ্যবইয়ের তালিকায় কম্পিউটার শিক্ষা নামে একটি ঐচ্ছিক বিষয় ছিল। তখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার শাখা খুলে পরিচালনা কমিটি কম্পিউটার শিক্ষক নিয়োগ দিতে পারত।
শিক্ষকেরা জানান, ২০১২ সাল থেকে সরকার মূলত কম্পিউটার শিক্ষা বিষয়টির নাম পরিবর্তন করে আইসিটি করে। কিন্তু এ বিষয়ে শিক্ষকের কোনো পদ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখনো সৃষ্টি করা হয়নি। কম্পিউটার শিক্ষকেরাই বিষয়টি পড়াচ্ছেন। কিন্তু কাউনিয়া উপজেলার ওই ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১২ সালের আগে কম্পিউটার শাখা না খোলায় কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়নি। আইসিটি বিষয়টি পরে বাধ্যতামূলক করা হলেও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি না দেওয়ায় এখন ওই ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ওই বিষয়ের শিক্ষক নিয়োগ করা সম্ভব হচ্ছে না।
কাউনিয়ার তিস্তার চরাঞ্চলে প্রতিষ্ঠিত নাজিরদহ একতা মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটারসহ তথ্যপ্রযুক্তির সরঞ্জাম নেই। সেখানে নেই বিদ্যুৎ-সংযোগও। এ অবস্থায় বিদ্যালয়ে এবার ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির ৫১০ শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষার্থীরা জানায়, বার্ষিক পরীক্ষা চলছে। কিন্তু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ঠিকমতো ক্লাস হয়নি। ইসলাম শিক্ষা ও সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক বিষয়টি মাঝেমধ্যে পড়িয়েছেন।
প্রধান শিক্ষক রমজান আলী বলেন, অর্ধবার্ষিক পরীক্ষায় আইসিটি বিষয়ে শিক্ষার্থীরা ভালো করতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, মাধ্যমিক পর্যায়ের সব বিষয়ের শিক্ষকদের পর্যায়ক্রমে আইসিটি সম্পর্কে ১৫ দিন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে সমস্যা থাকবে না বলে তিনি মনে করেন।