১৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা গতকাল সোমবার শুরু হয়েছে। এতে মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল অংশ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গতকাল সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই বিতর্ক উৎসব শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হারুন-উর-রশিদ আসকারী প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, যুবসমাজকে বিজ্ঞানমনস্ক, প্রগতিশীল, আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হলে তাদের তর্ক-বিতর্কপ্রিয়, বস্তুনিষ্ঠ করে গড়ে তুলতে হবে। বিতর্কের প্রধান উদ্দেশ্য হলো নেতৃত্ব সৃষ্টি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই প্রতিযোগিতার আহ্বায়ক ও মডারেটর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ সেলিম তোহা।

দুই দিনব্যাপী এই উৎসবে ইংরেজি ও বাংলা ভাষায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের আটটি ভেন্যুতে এই প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে, ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়কে, খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে, রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালকে পরাজিত করে।