১৪ মার্কেট ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মালিকানাধীন ১৪টি মার্কেট ঝুঁকিপূর্ণ। সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে গতকাল সোমবার সংসদে এ তথ্য দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো হলো গুলশান (উত্তর) পাকা মার্কেট, গুলশান (উত্তর) কাঁচা মার্কেট, গুলশান (দক্ষিণ) পাকা মার্কেট, গুলশান (দক্ষিণ) কাঁচা মার্কেট, খিলগাঁও তালতলা সুপার মার্কেট, খিলগাঁও তালতলা কাঁচা মার্কেট, কারওয়ান বাজার ১ নম্বর ভবন মার্কেট, কারওয়ান বাজার ২ নম্বর ভবন মার্কেট, কারওয়ান বাজার কিচেন মার্কেট, কারওয়ান বাজার কাঁচা মালের আড়ত, মোহাম্মদপুর টাউন হল পাকা মার্কেট, মোহাম্মদপুর টাউন হল কাঁচা মার্কেট, প্রান্তিক সুপার মার্কেট (গাবতলী) ও কলমীলতা কাঁচা মার্কেট।
মন্ত্রী আরও বলেন, এসব মার্কেটের বরাদ্দ পাওয়া ব্যক্তি ও মালিক সমিতিকে মালামালের ভার নিয়ন্ত্রণের জন্য চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আ ফ ম বাহাউদ্দিনের প্রশ্নের জবাবে সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেসের মাধ্যমে চিহ্নিত প্রতিবন্ধকতা দূর করে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইজ অব ডুয়িং বিজনেসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬। আগামী দুই বছরে এই অবস্থান ১০০-এর নিচে নামিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।