১৪ মার্চ শুরু হচ্ছে ভাষা প্রতিযোগ
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৪ শুরু হচ্ছে ১৪ মার্চ। স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার প্রতি মমত্ববোধ তৈরি এবং শুদ্ধ ভাষাচর্চায় উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে প্রতিবছরই এ আয়োজন করা হয়।
এবারের দশম বর্ষপূর্তিতে এই আয়োজনের সঙ্গে সহযোগী হিসেবে যুক্ত হচ্ছে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান। গতকাল রোববার রাজধানীর তেজগাঁওয়ে এইচএসবিসির ম্যানেজমেন্ট কার্যালয়ে এ বিষয়ে আয়োজকদের মধ্যে একটি চুক্তি সই হয়। ত্রিপক্ষীয় এই চুক্তিতে সই করেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ড্রু টিল্ক, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের পরিচালক তাসনিম আতহার, এইচএসবিসি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন তালুকদার নোমান আনোয়ার, রিটেইল ব্যাংকিং ও ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান সাব্বির আহমেদ, করপোরেট সাসটেইনেবিলিটি ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়ের, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ তিন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।
এ বছর ১২টি অঞ্চলে আঞ্চলিক প্রতিযোগ অনুষ্ঠিত হবে। এই অঞ্চলগুলো হলো ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, পঞ্চগড়, পটুয়াখালী, কুড়িগ্রাম, পাবনা ও খুলনা। আঞ্চলিক প্রতিযোগের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব। আঞ্চলিক প্রতিযোগের নিবন্ধন শুরু হবে শিগগিরই। বিস্তারিত তথ্য ছাপা হবে প্রথম আলোয়।
২০০৫ সাল থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি স্কুল ও কলেজের লক্ষাধিক শিক্ষার্থী এই ভাষা প্রতিযোগে অংশ নিয়েছে।