১৪ মাস খোলা আকাশের নিচে পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ মাস ধরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পাওউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। নির্ধারিত সময়ের ছয় মাস পরও ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণ শেষ করে হস্তান্তর করতে না পারায় এ অচলাবস্থা চলছে। এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৩৭ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তখন টিনের ছাউনির তিনটি কক্ষ ছিল। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৩৫ জন। শিক্ষক চারজন। প্রধান শিক্ষক নেই। গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ছিল ৮৫ শতাংশ। এ ছাড়া এ বিদ্যালয় থেকে এ বছর সাইমা ইসলাম পাঠান নামের এক শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।সূত্র আরও জানায়, কক্ষ তিনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় গত বছর উপজেলা শিক্ষা কার্যালয় পরিত্যক্ত ঘোষণা করে বিদ্যালয় ভবনটি ভেঙে ফেলে। একই সঙ্গে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের মার্চ মাসের শুরু থেকে ভবন নির্মাণের কাজ শুরু হয়। তখন থেকে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। ভবন নির্মাণের সময় ধরা হয়েছিল ছয় মাস। নির্ধারিত সময়ের আট মাস পরও ভবন বুঝিয়ে দিতে ঠিকাদারের কোনো তৎপরতা লক্ষ করা যাচ্ছে না। খোলা আকাশের নিচে ক্লাস করার কষ্টের কথা জানিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র মাহিন মিয়া বলে, ‘শীতে সবচেয়ে কষ্ট হইছে। শৈত্যপ্রবাহের সময় ঠান্ডায় বইল্লা গেছিলাম।’ একই ক্লাসের শাপলা আক্তার বলে, ‘এখন আরও বেশি সমস্যা। ধুলা-বালু সব শরীরের ওপর দিয়া যায়। এইভাবে ক্লাস করন যায়?’ ছাত্রছাত্রীদের এমন অনুযোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সহকারী শিক্ষক মরিয়মনেছা বলেন, ‘এমনিতে বিকেল সোয়া চারটায় ছাত্রছাত্রীদের ছুটি দেওয়ার কথা। কিন্তু বৃষ্টি শুরু হলে কিংবা বাতাস বইতে থাকলে আমাদের ছুটি দিতে হয় না, ছাত্রছাত্রীরা নিজ থেকে চলে যায়।’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আক্তার বলেন, সবাইকে একসঙ্গে বসিয়ে পাঠদান করাতে হয়। এ প্রক্রিয়ায় কোনোভাবেই পাঠদান সম্ভব নয়।জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, ‘অষ্টগ্রামে এসেছি এক মাস হলো। আমার অনেক কিছুই জানা নেই। কেন ভবন হস্তান্তর করছে না, খোঁজ নেব।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মানিক কুমার দেব বলেন, আসলে অর্থ সমস্যাসহ নানা কারণে যথাসময়ে ভবন নির্মাণ করা সম্ভব হয়নি।