১৪ মাস ধরে সিটি স্ক্যান যন্ত্র নষ্ট
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান যন্ত্রটি ১৪ মাস ধরে অচল। হাসপাতাল কর্তৃপক্ষ যন্ত্রটি মেরামতের জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে আজও চিঠি পৌঁছাতে পারেনি। এ কারণে যন্ত্রটি বিকল পড়ে থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগ সূত্রে জানা গেছে, যন্ত্রটি ২০০৫ সালে কেনা হয়। প্রায় ১৪ মাস আগে এটি অচল হয়ে যায়। সরবরাহকারী প্রতিষ্ঠান যন্ত্রটি মেরামতের জন্য ৩১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের হিসাব দিয়েছে। নিয়মানুযায়ী এই ব্যয় অনুমোদনের জন্য বিদ্যুৎচালিত চিকিৎসা সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের জাতীয় কেন্দ্রে ন্যাশনাল ইলেক্ট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের অনাপত্তিপত্রের প্রয়োজন হয়। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে কেন্দ্রীয় ঔষধাগার, ভান্ডার ও সরবরাহ কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়। সেখান থেকে ওই চিঠির অনুলিপি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়। তাদের অনাপত্তি পেলেই যন্ত্র মেরামতের বরাদ্দ মেলে। কিন্তু গত এক বছরে হাসপাতাল কর্তৃপক্ষ কেন্দ্রীয় ঔষধাগার, ভান্ডার ও সরবরাহ কর্তৃপক্ষের একাধিক চিঠি পাঠালেও সেসব চিঠির অনুলিপি এই প্রশিক্ষণকেন্দ্র পায়নি। এ কারণে মেরামতের জন্য অর্থ বরাদ্দ না পাওয়ায় যন্ত্রটি চালু করা যায়নি। রেডিওলজি ও ইমেজিং বিভাগের একজন চিকিৎসক বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং মাথায় আঘাতজনিত কারণে যেসব রোগী হাসপাতালে আসে তাদের সিটি স্ক্যান করাতে হয়। কিন্তু যন্ত্রটি বিকল থাকায় এখন তাদের হাসপাতালের বাইরের কোনো ক্লিনিকে পরীক্ষার জন্য নিতে হয়। এতে অতিরিক্ত টাকা খরচ এবং রোগীদের ভোগান্তি পোহাতে হয়।হাসপাতালের পরিচালক কর্নেল মো. সাইদুর রহমান জানান, পদ্ধতিগত ত্রুটির কারণে এক বছর ধরে হাসপাতালের চিঠির অনুলিপি ন্যাশনাল ইলেক্ট্রো-মেডিকেল ইকুইপমেন্ট ওয়ার্কশপ কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি। সম্প্রতি তিনি নিজে সেখানে গিয়ে সেটা পৌঁছে দিয়ে এসেছেন। এখন তাঁরা অনাপত্তি দিলে সিটি স্ক্যান যন্ত্রটি মেরামতের জন্য ৩১ লাখ টাকা পাওয়া যেতে পারে। তবে কবে নাগাদ পাওয়া যেতে পারে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।