১৪ মাস পর দুই অংশের কর্মসূচি একসঙ্গে আজ, জামায়াত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিমান ভেঙেছে নোয়াখালী বিএনপির দুই অংশের। প্রায় ১৪ মাস পর আজ সোমবার দলের দুটি অংশ যৌথভাবে মাঠে নামছে ১৮ দল ঘোষিত গণমিছিলের কর্মসূচি নিয়ে। তবে, এই কর্মসূচিতে বিএনপির সঙ্গে থাকছে না জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। সমপ্রতি শহরে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনার পর থেকে পুলিশ এবং ক্ষমতাসীন দলের জামায়াত-শিবিরবিরোধী মনোভাবের কারণে কৌশল হিসেবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জুন স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটি নিয়ে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোহামঞ্চদ শাহজাহানের সঙ্গে সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশীদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে প্রায় ১৪ মাস এই দুই নেতার অনুসারী দলীয় নেতা-কর্মীরা পৃথকভাবে জাতীয় দিবস এবং দলীয় সব কর্মসূচি পালন করে আসছেন। সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে দলের শীর্ষ জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে দুই পক্ষের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে নোয়াখালী ও ঢাকায় একাধিক বৈঠক হয়। এ নিয়ে সর্বশেষ বৈঠক হয় গত শনিবার জেলা বিএনপির সভাপতি মোহামঞ্চদ শাহজাহানের নোয়াখালীর বাসায়। ওই বৈঠকে সব ভেদাভেদ ভুলে আজ সোমবার ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় ‘গণমিছিল’ কর্মসূচি একসঙ্গে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গেছে, বৈঠকে গণমিছিলে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী থাকা না-থাকার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় ৬ নভেম্বর জেলা শহরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ, পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলায় দলের বেশির ভাগ নেতা-কর্মী আত্মগোপনে থাকায় জামায়াতকে এ কর্মসূচিতে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়। জানতে চাইলে সমঝোতার কথা নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছুদিন তো ভুল-বোঝাবুঝি ছিল। বর্তমানে দেশের সার্বিক যে অবস্থা বিরাজ করছে, তাতে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করা ছাড়া বিকল্প নেই।’অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি মোহামঞ্চদ শাহজাহান বলেন, ‘সমঝোতার বিষয়টি হঠাৎ করে হয়নি। কয়েক মাস ধরেই এ নিয়ে আলোচনা হচ্ছিল। সর্বশেষ আলোচনায় আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনে একই সঙ্গে দলীয় সব কর্মসূচি পালনের পাশাপাশি দলকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি।’জামায়াতে ইসলামীকে কর্মসূচিতে না রাখার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোহামঞ্চদ শাহজাহান বলেন, ‘জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সাম্প্রতিক ঘটনায় মামলা-মোকদ্দমা নিয়ে ঝামেলার মধ্যে আছেন। তাই আমরা তাঁদের কর্মসূচি পালনে নিষেধও কিংবা অনুরোধ কোনোটিই করিনি।’তবে, গণমিছিলের কর্মসূচিতে সম্পৃক্ত না করার বিষয়ে বক্তব্য জানার জন্য জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।