১৪ মাস পর মা-বাবা জানলেন নিখোঁজ ছেলে বেঁচে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ ইমরান
আসিফ ইমরান

নিখোঁজ হওয়ার ১৪ মাস মা-বাবা জানতে পারলেন তাঁদের সন্তান বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র আসিফ ইমরান আর বেঁচে নেই। ডিএনএ পরীক্ষার মাধ্যমে চলতি মাসে নিশ্চিত হওয়া গেছে, ২০১৫ সালের ৯ অক্টোবর বুড়িগঙ্গা থেকে উদ্ধার পরিচয়বিহীন গলাকাটা লাশটিই আসিফ ইমরানের। ২০১৫ সালের ৭ অক্টোবর নিখোঁজ হয়েছিলেন আসিফ।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক লুৎফর রহমানের দুই ছেলে-মেয়ের মধ্যে আসিফ বড়। রাজধানীর বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র আসিফ বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
লুৎফর রহমান বলেন, ২০১৫ সালের মে মাসে তিনি চাকরি থেকে অবসর নেন। এরপরই স্ত্রীকে নিয়ে হজে যান। তিনি হজ থেকে ফেরার কয়েক দিন আগে নিখোঁজ হন আসিফ। নানা জায়গায় ঘুরেও একমাত্র ছেলের তথ্যই পাচ্ছিলেন না। নারায়ণগঞ্জের পুলিশের মাধ্যমে জানতে পারেন আসিফ নিখোঁজের বিষয়ে তাঁর এক বন্ধু গোলাম মোস্তফা পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন। তাতে বলা হয়েছে, ৭ অক্টোবর বন্ধু শাকিলসহ নারায়ণগঞ্জের পাইকপাড়ায় গোলাম মোস্তফাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আসিফ। এরপর তাঁরা নারায়ণগঞ্জের তৎকালীন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীরের কার্যালয়ে যান। সেখানে আলমগীরের লোকজন তাঁদের আটকে রেখে মারধর করেন। পরে মোস্তফা ও শাকিল বের হতে পারলেও আসিফ সেখানে আটকা পড়েন। এর​ ভিত্তিতে ২০১৫ সালের ১ নভেম্বর গোলাম মোস্তফা ও তাঁর বাবা গোলাম মোহাম্মদ, শাকিল এবং আলমগীরের বিরুদ্ধে অপহরণ ও গুমের অভিযোগে আদালতে মামলা করেন লুৎফর রহমান।
নিহতের বাবা ও পুলিশ জানায়, মামলাটি প্রথমে তদন্ত করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পাঁচ মাস পর তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সিআইডি এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে। কিন্তু ইমরানের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। নারায়ণগঞ্জের অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার লিমন নামের এক তরুণের দেওয়া তথ্যের সূত্র ধরে সিআইডি জানতে পারে আসিফ ইমরান নিখোঁজ হওয়ার পরপরই বুড়িগঙ্গা নদী থেকে একটি পরিচয়বিহীন লাশ উদ্ধার করেছিল দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। লাশটি বেওয়ারিশ হিসেবে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।

দাফনের আগে ওই লাশটির ডিএনএ নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই নমুনার সঙ্গে লুৎফর রহমান ও তাঁর স্ত্রীর ডিএনএ নমুনা মেলানো হয়। অবশেষে নমুনা মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে, পরিচয়হীন ওই লাশ আসিফের। ঘুরে যায় মামলার মোড়। লিমনসহ অন্য কয়েকজনের তথ্যের ভিত্তিতে সিআইডি আরও পাঁচজনকে এই মামলায় গ্রেপ্তার করে। জব্দ করা হয় অপহরণে ব্যবহৃত গাড়ি ও এর চালককে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নয়জন এখন পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী আতাউর রহমান বলেন, এজাহারে নাম উল্লেখিত আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অচিরেই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।