গত ১৪ মাসে সরকার পাঁচ হাজার ১২৯টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক চিহ্নিত করে তা প্রত্যাহারের সুপারিশ করেছে। এসব মামলার মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলাও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ সাবেক ও বর্তমান মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং নেতাদের মামলাও প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।তবে মওদুদ আহমদের একটি মামলা ছাড়া বিরোধী দলের নেতাদের নামে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়নি।গতকাল বুধবার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির ১৮তম সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফণীভূষণ চৌধুরী, অতিরিক্ত সচিব ইকবাল উদ্দিন খান চৌধুরী, উপসচিব স্মৃতি রাণী ঘরামী, মেসবাহউদ্দিন, শাহেনুর মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, গতকালের বৈঠকে ৭০১টি মামলা বিবেচনার জন্য উত্থাপন করা হয়। এর মধ্যে দুদকের ১১টি মামলা। যাচাই-বাছাই শেষে দুদকের ছয়টি ও দণ্ডবিধিসহ অন্যান্য অভিযোগে দায়ের করা ৪৩১টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া ১৬৭টি মামলা পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।আইন প্রতিমন্ত্রী জানান, ১৪ মাসে আট হাজার ৪৩০টি মামলা কমিটির বৈঠকে উত্থাপন করা হয়। এর মধ্যে দুদকের করা ২৬৪টি ও দণ্ডবিধিসহ অন্যান্য অভিযোগের চার হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।