এক বছর দুই মাস অতিবাহিত হলেও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কারণেই ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটছে। অভিযোগ রয়েছে, সভাপতি তাঁর একচ্ছত্র প্রভাব বিস্তার করার জন্যই কমিটি গঠন থেকে বিরত আছেন। তবে সভাপতির দাবি, তিনি কেন্দ্রের কাছে কমিটি জমা দিয়েছেন।দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, গত বছরের ২ জুন জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের শেষের দিকে কমিটি গঠনের জন্য ভোট গ্রহণ শুরু হওয়ার সময় প্রার্থীদের মধ্যে মতানৈক্য দেখা দিলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি মাহমুদুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী ঢাকা থেকে এক চিঠিতে আসাদুজ্জামান সোহেলকে সভাপতি ও মো. জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করার কথা জানিয়ে দেন। তাঁদের যত শিগগির সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়। কিন্তু এক বছর দুই মাস অতিবাহিত হলেও তা করা হয়নি। সাধারণ নেতা-কর্মীদের অভিযোগ, ওই দুজনের ওপর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সমর্থন থাকায় ত্যাগী নেতাদের বাদ দিয়ে তাঁদের কমিটির নেতৃত্বে বসানো হয়। ঘোষিত কমিটির সভাপতি ও সম্পাদকের মধ্যে প্রথম দিকে দ্বন্দ্ব থাকলেও পরে তা কমে আসে। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।এদিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে নিজেদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ আগস্ট বর্তমান জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে আরাফাত রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে শামীম রেজার নাম ঘোষণা করা হয়। এই কমিটি যোগ্যতার ভিত্তিতে করা হয়নি—এই অভিযোগে ছাত্রলীগের একটি অংশ বিরোধিতা করে। গত শনি ও রোববার রাতে এ নিয়ে দুই দফা ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে জেলা ছাত্রলীগের সভাপতিকে অপসারণসহ কমিটি বিলুপ্ত করার দাবি তুলে ছাত্রলীগের একটি অংশ শহরে মিছিল করে।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদের প্রার্থী ও ছাত্রলীগের নেতা মাহমুদুল হক অভিযোগ করেন, অগণতান্ত্রিক উপায়ে জেলা ছাত্রলীগের কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে কাউন্সিলরদের মতামত স্থান পায়নি। কমিটির মেয়াদ এক বছরের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। এই কমিটির এখন আর কোনো বৈধতা নেই। প্রভাবশালী নেতাদের সঙ্গে আঁতাত করে সোহেল একক আধিপত্য বিস্তার করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করছেন। গঠনতন্ত্র মোতাবেক উপজেলা কলেজ কমিটি করার নিয়ম না থাকলেও তিনি একক সিদ্ধান্তে করে যাচ্ছেন।শহরের দত্তবাড়ী এলাকার ছাত্রলীগের কর্মী শেখ খালিদ সাইফুল্লাহ জানান, বর্তমান সভাপতি আওয়ামী লীগের ধারায় ছাত্রলীগকে পরিচালিত করতে চান। বর্তমানে জেলা ছাত্রলীগে সাংগঠনিক কর্মকাণ্ডের বিন্দুমাত্র ছোঁয়া নেই। কিছু অছাত্রকে তাঁর বাড়িতে ডেকে অগঠনতান্ত্রিকভাবে কলেজ কমিটি ঘোষণা করেছেন।জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় অন্য নেতা-কর্মীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। ছাত্রলীগের নতুন কর্মীরা তাঁদের মূল্যায়ন পাচ্ছে না। বর্তমান সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জানান, সবাইকে নিয়ে তিনি ছাত্রলীগ পরিচালনা করতে চান। সভাপতি আসাদুজ্জামান সোহেল বলেন, নেতৃত্বে থাকলে সবাইকে সন্তুষ্ট করা যায় না। তাঁর ভুলত্রুটি হলে গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি ব্যবস্থা নিতে পারে। তিনি দাবি করেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া আছে। এখন পর্যন্ত অনুমোদন আসেনি। কিছু বহিরাগত অছাত্রদের ব্যবহার করে ছাত্রলীগের নেতা-কর্মীদের উসকানি ও ইন্ধন দিয়ে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য পাঁয়তারা করছেন। কলেজ কমিটি সম্পর্কে তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুজনের নাম ঘোষণা করা হয়। এখানে অনিয়মের কোনো প্রশ্নই ওঠে না।