১৪ মে ঢাকায় বিএনপির গণমিছিল ১৩ মে সারা দেশে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ মে ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। এর আগে ১৩ মে সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি।গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে জীবিত ফিরে পাওয়া, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট একসঙ্গে এই কর্মসূচি পালন করবে।কর্মসূচি ঘোষণার সময় নেতা-কর্মীরা ‘হরতাল, হরতাল’ বলে স্লোগান দিতে থাকেন। তখন তাঁদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দাঁড়ান, হরতাল তো হবেই। আমরা পাঁচ দিন হরতাল দিয়েছি। জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে। আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’একই দাবিতে গতকালও বিক্ষোভ কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট। বিক্ষোভ সমাবেশে অংশ নিতে দুপুরের পর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। একে একে মঞ্চে হাজির হন হরতালে ককটেল বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর মামলায় জামিন পাওয়া অধিকাংশ নেতা।সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার ইলিয়াস আলীকে তুলে নিয়ে গিয়েছিল। আমরা তাঁকে সরকারের কাছ থেকে জীবিত অবস্থায় ফেরত চাই।’ তিনি অভিযোগ করেন, সরকার দেশকে কারাগারে পরিণত করেছে। তিন বছরে ১২৭ জন মানুষকে গুম করা হয়েছে।মির্জা ফখরুল বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বিদেশিরাও বলছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে স্বপ্ন দেখছেন, সে স্বপ্ন বাস্তবায়ন হবে না।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার জানে ইলিয়াস আলী কোথায় আছে, সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্যে তা স্পষ্ট। তিনি বলেন, ‘ইলিয়াস আলীকে ফেরত দিন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে পুনর্বহাল করার ঘোষণা দিন। তা না হলে রাজনীতি সংঘাতের দিকে গেলে এর দায় সরকারকে নিতে হবে।’ দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, এই সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। এর কারণ, তাদের পুরো নজর দুর্নীতির দিকে। ফলে প্রশাসন, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যের দিকে তাদের কোনো নজর ছিল না। তিনি বলেন, সরকার আগামী বাজেটে কালোটাকা সাদা করার জন্য একটি চালাকি করছে। মন্ত্রীরা এত দিন যেসব অর্থ জমা করেছেন, এখন তা সাদা করবেন। তাঁরা বস্তায় বস্তায় টাকা দুর্নীতি করেছেন, শেয়ারবাজার থেকে ৮৬ হাজার কোটি টাকা লুট করেছেন। এই টাকা সাদা করার জন্য বাজেটে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সচিবালয়ে বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাঁকে আসামি করার কথা উল্লেখ করে বলেন, ‘এখনো যদি আমাদের বোমা মারতে হয়, গাড়িতে আগুন দিতে হয়, তাহলে ৪৫ বছর ধরে কি ঘোড়ার ঘাস কাটলাম? নির্দেশ দিলে হাজার হাজার গাড়ি ভাঙবে, আগুন লাগানোর জন্য দেশে কোনো ঘর বাকি থাকবে না। আমরা ওই রাজনীতি করি না।’ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান, বিজেপির মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য রেদওয়ান আহমেদ প্রমুখ বক্তব্য দেন।