
ঝিনাইদহে ঢাকা-খুলনা মহাসড়কে খড়িখালী এলাকার এক কিলোমিটার পথে ছিল ফাটল আর গর্ত৷ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সম্প্রতি ১৪ লাখ টাকা ব্যয়ে ওই সড়কে পাথরকুচির প্রলেপ (সিলকোট) দেয়৷ কিন্তু ওই কাজের মাত্র পাঁচ দিনের মাথায় সড়কটি অাবারও আগের অবস্থায় ফিরে গেছে৷
স্থানীয় লোকজন জানান, ১২ মিলিমিটারের বদলে মাত্র পাঁচ-ছয় মিলিমিটার পুরু করে পাথরকুচি ফেলা হয়েছে৷ আর পিচ দেওয়া হয়েছে নামমাত্র৷ এ কারণে মাত্র পাঁচ দিনেই রাস্তার এই বেহাল অবস্থা হয়েছে৷ তা ছাড়া পাথরকুচি দেওয়ার সময় সড়কটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়নি৷ এ কারণে নতুন করে দেওয়া পিচ-পাথর উঠে গেছে৷
তবে সওজের কর্মকর্তারা বলছেন, তাঁরা বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা নেবেন৷ ঠিকাদার মতিউর রহমান ওরফে রুনু বলছেন, তিনি খারাপ কাজ করেননি৷ তার পরও কেন এমন হলো তা তিনি বলতে পারছেন না৷
দায়িত্বশীল ব্যক্তিরা জানান, ঝিনাইদহের বিষয়খালী বাজারের পর থেকে বারোবাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও গর্ত থাকায় সিলকোট করতে দরপত্র আহ্বান করে সওজ৷ এ পর্যায়ে সড়কের খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে দোকানঘর এলাকা পর্যন্ত এক কিলোমিটারে সিলকোটে ১৩ লাখ ৮৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়৷ ঝিনাইদহের ঠিকাদার মতিউর রহমান এই কাজ পান৷ ১৪ থেকে ১৬ জুন সড়কে সংস্কারকাজ করা হয়৷
খড়িখালী গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ঠিকাদার পাঁচ-ছয় মিলিমিটার কুচি পাথর দিয়ে কোনোমতে কাজ করেছেন৷ সেই পাথরে ঠিকমতো পিচও দেওয়া হয়নি৷ এ কারণে সড়কে আবারও গর্তের সৃষ্টি হয়েছে৷ ১৬ জুন কাজ শেষ করার পর ২১ জুন বিভিন্ন স্থানে পাথর উঠে গিয়ে ফাটল দেখা দেয়৷ ১৪ লাখ টাকা বরাদ্দ হলেও বাস্তবে এখানে দু-তিন লাখ টাকার কাজ হয়েছে৷
সওজের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সরেজমিনে দেখে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন৷