১৪ লাখ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চট্টগ্রাম নগর ও উপজেলায় প্রায় ১৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয়। এজন্য স্থায়ী ও অস্থায়ী ছয় হাজার ২০টি কেন্দ্রে আগামীকাল শনিবার সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয় পৃথকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সিটি করপোরেশনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, নগরের স্থায়ী ও অস্থায়ী এক হাজার ২৮৮টি কেন্দ্রে ছয় লাখ পাঁচ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া এবার ক্যাম্পেইনে কোনো শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি সাইয়েদ গোলাম হায়দার চৌধুরী, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশীদ আহমেদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী।
সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামের ১৪ উপজেলার চার হাজার ৭৩২টি কেন্দ্রে প্রায় আট লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য এক হাজার ৯৫৪ জন স্বাস্থ্যকর্মী ও ৭৪২ জন তত্ত্বাবধায়ক নিয়োজিত থাকবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সরফরাজ খান চৌধুরী। উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ রফিক উদ্দিন প্রমুখ।