মানবিকে দুজন আর বিজ্ঞান বিভাগে একজন শিক্ষক দিয়েই পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম চলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরকারি শাহ-এয়তেবারিয়া কলেজে। এখানে অধ্যক্ষও নেই দীর্ঘদিন যাবৎ। শিক্ষকদের ১৩টি পদের ১০টিই শূন্য। বিজ্ঞান প্রদর্শক নেই। কর্মচারীর ১৬ পদের ১১টি শূন্য। এ রকম লেজেগোবরে দশায় কোনোমতে চলছে কলেজটি।
গত মঙ্গলবার সকালে কলেজের প্রধান ফটক পার হয়ে ভেতরে ঢুকতেই দেখা গেল চত্বরে একদল শিক্ষার্থী। তাদের কেউ মুঠোফোনে ব্যস্ত, কেউ আড্ডায়। একটি শ্রেণিকক্ষে চলছে পাঠদান। তখন সকাল সাড়ে ১০টা।
একাদশ শ্রেণির শিক্ষার্থী সুশান্ত বর্মণ। ক্লাসের বিষয়ে জিজ্ঞাসা করতেই বলল, ক্লাস শুরুর কোনো নির্দিষ্ট সময় নেই। ক্লাসের রুটিন আছে। কিন্তু সে অনুযায়ী ক্লাস হয় না। অনেক বিষয়েরই শিক্ষক নেই।
গ্রন্থাগারের সামনে বসে থাকা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বর্ণা আকতার বলে, ‘কোনো ক্লাসই সময়মতো হয় না। পদার্থবিজ্ঞানের একজন স্যার আছেন। তিনি পদার্থবিজ্ঞান ক্লাসের পাশাপাশি সুযোগ পেলে গণিত, রসায়ন ও আইসিটির ক্লাস নেন। এ কারণে আমি মাসে দু-এক দিন কলেজে আসি।’
একাদশ শ্রেণির মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলে, তাদের বিভাগে তিনজন শিক্ষক আছেন। সবাই সবকিছু পড়ান। অর্থনীতির শিক্ষক মো. আলাউদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। মাঝেমধ্যেই থাকেন না। ব্যস্ত থাকেন দাপ্তরিক কাজে। দু-একটা ক্লাস হয়। ইংরেজির যিনি শিক্ষক, তিনি আবার নিজের বিষয়ের পাশাপাশি মানবিক বিভাগের অন্যান্য ক্লাসও নেন।
দুপুর পৌনে ১২টার দিকে ক্লাস শেষে মো. আলাউদ্দিনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘একসময় এখানে বেশ কয়েকটি বিষয়েই শিক্ষক ছিলেন। মফস্বলের কলেজ হওয়ায় শিক্ষকেরা এখানে বেশি দিন থাকতে চান না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে শিক্ষকেরা হরহামেশাই বদলি নেন। তারপরও স্থানীয় দুই ছেলেকে দিয়ে খণ্ডকালীন হিসেবে ক্লাস করিয়ে নিই। তাঁদের সম্মানী পর্যন্ত দিতে পারি না।’
বিশ্রামাগারে পদার্থবিজ্ঞানের শিক্ষক কার্তিক চন্দ্র দেবনাথ বলেন, ‘মফস্বলে কোনো শিক্ষক আসতে চান না। নতুন শিক্ষকেরা চাকরি নিয়ে এখানে প্রথম কিছুদিনের জন্য যোগ দেন। তারপর সুযোগ পেলেই শহরের কলেজে বদলি নেন। শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে বিজ্ঞানের ক্লাসগুলো করাই।’
কলেজ সূত্রে জানা গেছে, যে তিনজন শিক্ষক আছেন, তাঁরা সবাই প্রভাষক পদের। তবে শিক্ষক আলাউদ্দিন জ্যেষ্ঠ হওয়ায় তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে থেকে প্রশাসনিক কাজগুলো করছেন।
উচ্চমাধ্যমিক পর্যায়ের এ কলেজে শিক্ষকের ১৪টি পদের মধ্যে অধ্যক্ষসহ বাংলার দুটি পদে, আইসিটির একটি, পৌরনীতির একটি, ইসলামের ইতিহাসের একটি, যুক্তিবিদ্যার একটি, গণিতের একটি, রসায়নের একটি, জীববিদ্যার একটি, হিসাববিজ্ঞানের একটি ও ব্যবস্থাপনা বিষয়ের একটি পদে শিক্ষক নেই। বিজ্ঞান বিভাগে প্রদর্শকের তিনটি পদই শূন্য।
করণিকের তিনটি, অফিস সহকারীর একটি, হিসাবরক্ষকের একটি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের একটি, গ্রন্থাগারিকের একটি ও পিয়নের চারটি পদ শূন্য রয়েছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে একাদশ শ্রেণিতে ১২০ ও দ্বিতীয় বর্ষে ১৩৪ জন শিক্ষার্থী রয়েছে। কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৮ সালে সরকারি হয়।