১৪ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নার্সিং ইনস্টিটিউটের ১৪ জন শিক্ষার্থী (সেবিকা) একসঙ্গে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার সকালে তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অসুস্থতার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।নার্সিং ইনস্টিটিউট সূত্র জানায়, গত শনিবার সিলেট নার্সিং ইনস্টিটিউটের সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুপুরের খাবার খেয়েছিলেন। এ খাবার খাওয়ার এক দিন পর গত রোববার দুপুরে প্রথমে তানিয়া নামের এক শিক্ষার্থী পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে পর্যায়ক্রমে ১৩ জনের প্রত্যেকেই একইভাবে অসুস্থ হয়ে পড়েন। গতকাল সকাল থেকে পর্যায়ক্রমে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হচ্ছেন: লিটন (২১), আবদুল মালেক (২৩), আঁখি (২০), শারমীন (১৯), সালমা (২০), প্রিয়াংকা দে (২০), হাসনা হেনা (২৪), সীমা (২১), সুফিয়া (২০), শাবানা (২০), আশিকা (২০), শহিদুল ইসলাম (২০), নাসরিন আক্তার (২১) ও তানিয়া (২১)।সিলেট ওসমানী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মীর মাহবুবুল আলম জানান, হাসপাতালে ভর্তি হওয়ারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা কীভাবে আক্রান্ত হয়েছেন, এ বিষয়টি তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হযেছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা খাদ্যে বিষক্রিয়া না অন্য কোনো কারণে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।যোগাযোগ করা হলে নার্সিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটি প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছে, ওই অনুষ্ঠানে দুপুরে পরিবেশিত খাবার না খেয়ে রাতে ও পরদিন খাওয়ায় ওই ১৪ জন অসুস্থ হয়ে পড়েছেন।’ তদন্ত কমিটি খাবার পরিবেশনকারী রেস্তোরাঁয় এ ব্যাপারে খোঁজ নিচ্ছে বলে তিনি জানান।