১৪ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ ও ২০১৪ সালে অনুষদভিত্তিক অসাধারণ ফলাফল অর্জনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২ জনসহ ১৪ জন শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। আগামীকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৪ জন শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে।
গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আওতাধীন যেসব শিক্ষার্থী ২০১৩ ও ২০১৪ সালে অনুষদভিত্তিক অসাধারণ ফল ও প্রথম স্থান অর্জন করেছেন, এ রকম ১৪ জন শিক্ষার্থীর একটি তালিকা ইউজিসিতে পাঠানো হয়। পরে ইউজিসি কর্তৃপক্ষ ওই ১৪ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত করে।
স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন আরবি বিভাগের শিক্ষার্থী মো. জাহেদ উল্লাহ ও মো. রবিউল হাসান, পরিবেশবিজ্ঞান বিভাগের নিশিতা আইভি, অর্থনীতি বিভাগের মাহমুদা আকতার খানম, মার্কেটিং বিভাগের অদিতা বড়ুয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মোহাম্মদ তোহা আকবর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মিজবাহ-উল হক ও মো. মোহাইমিনুল ইসলাম, গণিত বিভাগের মাসুদা আকতার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিরাজুম মুনিরা, আইন অনুষদের মো. খালেদ মিয়া, মাইক্রোবায়োলজি বিভাগের সোহানা আল সানজি, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী সামিয়া চৌধুরী ও মো. নুর-ই-আজম।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন স্বর্ণপদকে ভূষিত হওয়া শিক্ষার্থীদের নাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন।