হীড ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
১৪ শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দেওয়া হচ্ছে না
হীড ইন্টারন্যাশনাল স্কুলের সদরঘাট শাখায় বিভিন্ন খাতে অতিরিক্ত ফি আদায়ে গত বছর প্রতিবাদ করেছিলেন কয়েকজন অভিভাবক। এই অভিযোগে গত মে মাসে মামলা করেন তাঁরা। আর তাতেই নাখোশ হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবাদকারী অভিভাবকদের ১৪ সন্তানকে পরবর্তী শ্রেণিতে পুনঃ ভর্তির অনুমতি দিচ্ছে না।
গত ৩০ জুন স্কুলের বিভিন্ন শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির পুনঃ ভর্তির নোটিশ দেওয়া হয়। এ নোটিশে শিক্ষার্থীদের পুনঃ ভর্তিতে কো-কারিকুলাম বাবদ ১২ হাজার টাকা করে চাওয়া হয়। এই পরিমাণ টাকা দিয়ে ইতিমধ্যে প্রায় ৮০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে।
জানা যায়, দেশের ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত মাসিক বেতন, পুনঃ ভর্তি ফি ও সেশন চার্জ গ্রহণের বিষয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের এপ্রিলে তা স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশে সরকারকে একটি নীতিমালা প্রণয়নে নির্দেশ দেন আদালত। এতে আরও বলা হয়, নীতিমালা করার আগে অতিরিক্ত মাসিক বেতন, পুনঃ ভর্তি ফি ও সেশন চার্জ গ্রহণ করা যাবে না।
অবশ্য হাইকোর্টের আদেশের দুই মাস পর জুনে নোটিশ ছাড়াই ৫০০ থেকে ৭০০ টাকা বেতন বাড়ানো হয়েছে। পরে গত নভেম্বরে আবার ‘বিভিন্ন কারিকুলাম’ বাবদ ১০ হাজার টাকা দাবি করা হলে অভিভাবকেরা প্রতিবাদ করলে তা স্থগিত করা হয়।
এদিকে গত ১৩ মে চূড়ান্ত পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের বেতনের অর্ধেক মাসের টাকা দাবি করে হীড ইন্টারন্যাশনাল। তখন স্কুলের প্রিন্সিপাল কৃষ্ণা ভট্টাচার্যকে আইনি নোটিশ দেন অভিভাবকেরা। কিন্তু তাতে কাজ না হওয়ায় ২২ জুন অভিভাবক নূর আলম বাদী হয়ে নিম্ন আদালতে মামলা করেন।
অভিভাবক মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষের অন্যায়ের প্রতিবাদ করাতেই আমাদের কয়েকজন ছেলেমেয়েকে স্কুলে পুনঃ ভর্তির অনুমতি দেওয়া হচ্ছে না। অথচ তারা স্কুলের বিভিন্ন শ্রেণিতে মেধাতালিকায় এক থেকে তিনের মধ্যে রয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশের পরও শিক্ষার্থীদের পুনঃ ভর্তিতে নেওয়া হচ্ছে ১২ হাজার টাকা।’
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি না নেওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘বেতন-ফি কমানোর দাবিতে বিভিন্ন সময় স্কুলে সমাবেশ করেছেন ২০ থেকে ২৫ জন অভিভাবক। এতে স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। তাই তাঁদের সন্তানদের ভর্তি করা হবে না।’
পুনঃ ভর্তিতে টাকা ও বেতন বাড়ানোর বিষয়ে কৃষ্ণা ভট্টাচার্য বলেন, ‘স্কুল ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার খরচ মেটাতেই পুনঃ ভর্তিতে টাকা ও বেতন বাড়ানো হয়েছে।’