১৪ সরকারি দপ্তরে কর্মকর্তার পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ২৮টি সরকারি দপ্তরের মধ্যে ১৪টিতে কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। একজন কর্মকর্তা নিজ দপ্তর ছাড়াও একাধিক দপ্তরে দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এ ছাড়া নিজ উপজেলা ছাড়াও অন্য উপজেলায় গিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ফলে বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তার পদ শূন্য থাকায় সাধারণ জনগণ ভোগান্তিতে রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১১ সালের আগস্ট থেকে শূন্য রয়েছে সহকারী কমিশনারের (ভূমি) পদ। এ পদে বর্তমানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের। ২০০৯ সালের ৭ অক্টোবর থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কক্সবাজার সদরের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান। ২০০৮ সালের ১৭ জানুয়ারি থেকে শূন্য রয়েছে মৎস্য কর্মকর্তার পদটি। বর্তমানে এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রামু উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান। ২০১১ সালের ১১ মার্চ থেকে শূন্য রয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনের দুটি পদ। এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান।
২০১১ সালের ডিসেম্বর থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। বর্তমানে এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কুতুবদিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন। ২০০৩ সালের শুরুতেই শূন্য রয়েছে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদ। এ পদে বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন শমর চন্দ্র দে। ২০১৩ সালের শুরু থেকে আনসার ও ভিডিপি কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। বর্তমানে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন মনজুর আলম। ২০০৫ সাল থেকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন মোখলেছুর রহমান। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শহীদুল্লাহ। ২০১৩ সালের জুন থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক কর্মসূচির সহকারী পরিচালকের পদটি শূন্য রয়েছে। এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কক্সবাজার জেলার উপপরিচালক হাফিজ আহমদ। ২০১১ সালের অক্টোবর থেকে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলীর পদটি শূন্য রয়েছে। এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কক্সবাজার সদরের উপসহকারী প্রকৌশলী কামরুল হাসান। ২০১৩ সাল থেকে উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টরের পদটি শূন্য রয়েছে। চলতি বছরের এপ্রিল মাস থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চার মাসের প্রশিক্ষণে এলাকার বাইরে রয়েছেন। অতিরিক্ত দায়িত্ব পালন করছেন চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোর্শেদ আলম। আর ২০০৬ সালের শুরুতেই মহেশখালী সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বর্তমানে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নাজেম উদ্দিন।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন বলেন, ‘বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় এই এলাকার জনগণের ভোগান্তির শেষ নেই। পাশাপাশি এসব দপ্তরের মাঠপর্যায়ের কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছে। তাই কর্মকর্তাশূন্য সরকারি দপ্তরগুলোতে জরুরি ভিত্তিতে কর্মকর্তা পদায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’