১৪ হাওরে ঢুকে পড়েছেপানি
উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বাঁধ ভেঙে ও বাঁধের ওপর দিয়ে পানি উপচে পড়ছে। গত পাঁচ দিনের ঢলে ১৪টি হাওরের প্রায় চার হাজার একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে।স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে মধ্যনগর ইউনিয়নের মেঘনার বাঁধ ভেঙে ধনিয়ারকুড়ি হাওরের ৩৫ একর বোরো ধান তলিয়ে যায়। সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্রসোনা থাল বাঁধের দক্ষিণ অংশ ভেঙে ডুবাইল, শয়তানখালী, মাড়ারদাইর, কাওতলী, কীর্তনছড়া, বোয়ালমারী, শ্যামসাগর লামার খণ্ড হাওরের বিস্তীর্ণ এলাকার জমি পানিতে তলিয়ে যায়। জয়শ্রী ইউনিয়নের সোনামড়লের বাঁধের পশ্চিম অংশ ভেঙে গতকাল বিকেল তিনটায় সাঁতারিয়া, পাতারিয়া, বালিজুড়া হাওরের ফসল তলিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে খয়রানী ও বৈঠাখালী হাওরের বোরো ফসলও তলিয়ে গেছে। গতকাল ও গত শুক্রবার স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ও ইউএনও মো. বাবুল মিঞা ঝুঁকিপূর্ণ বাঁধগুলো পরিদর্শন করেছেন।