১৪ হাজার মেট্রিক টন চাল নষ্ট হতে চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের সরকারি খাদ্যগুদামে ১৪ হাজার মেট্রিক টন বোরো চাল নষ্ট হতে চলেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেনের ভাষ্যমতে, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে এসব বোরো ধানের চালে পোকা হয়ে গেছে। এগুলোর গুণগত মানও কমে গেছে।আনোয়ার হোসেন জানান, চলতি বোরো মৌসুমে এ জেলায় ৯২ হাজার ৬৩৩ মেট্রিক টন চাল ও পাঁচ হাজার ৩৪২ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। ইতিমধ্যে ৫৩ হাজার ৬৫০ মেট্রিক টন চাল এবং পাঁচ হাজার ৫২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। গুদাম খালি নেই বলে সংগ্রহ অভিযান ধীরগতিতে বাস্তবায়ন করা হচ্ছে।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, দিনাজপুরে একটি সিএসডি (কেন্দ্রীয় খাদ্যগুদাম) এবং ২৫টি এলএসডি (আঞ্চলিক খাদ্যগুদাম) গুদাম আছে। এসব খাদ্যগুদামের মোট ধারণক্ষমতা ৮২ হাজার ৫০০ মেট্রিক টন। গত জুনে গুদামগুলোতে মোট চালের মজুদ ছিল এক লাখ মেট্রিক টন। এর মধ্যে দেড় বছরের পুরোনো বোরো চাল ছিল ৫৫ হাজার মেট্রিক টন। অবশিষ্ট ৪৫ হাজার মেট্রিক টন চাল গত আমন মৌসুমে সংগ্রহ করা। এ অবস্থায় চলতি বোরো সংগ্রহ অভিযানের সময় চলে আসে। কিন্তু জেলার গুদামগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি পরিমাণ চাল মজুদ থাকায় নির্ধারিত সময়ে বোরো সংগ্রহ অভিযান শুরু করা যায়নি।জেলা খাদ্য নিয়ন্ত্রক গত বুধবার প্রথম আলোকে বলেন, গত জুলাই ও আগস্টে বিভিন্ন প্রকল্পের বিপরীতে ৪১ হাজার মেট্রিক টন পুরোনো বোরো চাল গুদাম থেকে বেরিয়ে গেছে। আরও ১৪ হাজার মেট্রিক টন চাল এখনো মজুদ আছে।বুধবার সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন উপজেলা থেকে চলতি বোরো সংগ্রহ মৌসুমে কেনা কয়েক শ মেট্রিক টন চাল ট্রাক বোঝাই করে কেন্দ্রীয় খাদ্যগুদামে আনা হচ্ছে।গুদামের ব্যবস্থাপক আজিজুল ইসলাম জানান, কেন্দ্রীয় খাদ্যগুদামের ধারণক্ষমতা ২০ হাজার ৫০০ মেট্রিক টন। বর্তমানে এই গুদামে মজুদ আছে ২১ হাজার ২০০ মেট্রিক টন। এর মধ্যে আট হাজার ৬০০ মেট্রিক টন পুরোনো বোরো চাল। এই বোরো চালের সংরক্ষণ মেয়াদ তিন মাস। কিন্তু এক বছর আট মাস ধরে গুদামে থাকায় এগুলোর গুণগত মান খারাপ হয়ে গেছে। তবে আগামী কোরবানির ঈদে ভিজিএফ বিতরণের সময় কিছু চাল কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।