১৪ হাটে নেতাদের সমঝোতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোরবানির ১৯টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ১৫টির ইজারা গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। ১৪টি হাটের ইজারার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতাদের সমঝোতা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমঝোতা না হওয়ায় একটি হাটের ইজারার দর গত বছরের চেয়ে পৌনে চার গুণ বেশি উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমোদন নিয়ে এ বছর ১৯টি অস্থায়ী পশুর হাটের ইজারার প্রক্রিয়া শুরু করা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। দরপত্র বাক্স খোলার পর দেখা যায়, মুন্দিরপুর বাবুবাজার হাট, মাঝেরচর গাজী কালুর মাঠ ও অলিপুরা বাজার হাটে কোনো দরপত্র জমা পড়েনি।

১৪টি হাটের ক্ষেত্রে ১৬ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৩৮ হাজার টাকা পর্যন্ত দর উঠেছে। শুধু নয়াপুর হাটের ইজারা ওঠে ১৩ লাখ ১০০ টাকা। উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুর রশিদ মোল্লা এ হাটের সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন।

উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ১৪টি হাটের ক্ষেত্রে নেতা-কর্মীরা নিজেদের মধ্যে সমঝোতা করে দরপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দ্বন্দ্ব থাকায় সমঝোতা না হওয়ায় নয়াপুর হাটের বেশি দর উঠেছে। সমঝোতা না হলে অন্যান্য হাটেও একই রকম দর উঠত বলে তাঁরা জানান।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নেতারা সমঝোতা করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এ ছাড়া সংঘর্ষ ও দরপত্র ছিনতাইয়ের অভিযোগে একটি হাটের ইজারা স্থগিত করা হয়েছে।