১৪ হিন্দু পরিবারের বিষয়ে হাইকোর্টের রুল জারি
বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রাম থেকে উচ্ছেদ হওয়া ১৪টি হিন্দু পরিবারের বিষয়ে আজ সোমবার হাইকোর্ট রুল জারি করেছেন। ওই পরিবারগুলোর ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এ মর্মে কারণ দর্শাতে সরকারের প্রতি রুল জারি করেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই নির্দেশ দেন।
১৪ সংখ্যালঘু পরিবারের ওপরে হামলা ও উচ্ছেদের ঘটনায় বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিচার বিভাগীয় তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে এই ঘটনার পর কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি কী তা উল্লেখ করতে বলা হয়েছে।
আজ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ হিন্দু পরিবারে হামলা ও উচ্ছেদের ঘটনায় তাদের নিরাপত্তা দিতে পুলিশের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে আসক জনস্বার্থে মামলা করে। আসকের পক্ষে মামলাটি শুনানি করেন জেড আই খান পান্না, আবু ওবায়দুর রহমান, অবন্তী নুরুল এবং সামিউল আলম সরকার।
ঘটনার পর নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগীদের কয়েকজন প্রথম আলোকে জানিয়েছিলেন, ১৪টি হিন্দু পরিবারকে উচ্ছেদের নেপথ্যে রয়েছেন যুবলীগের নেতা জাকির সরদার ও তাঁর বড় ভাই সালাম সরদার। তাঁরা সন্ত্রাসী রশিদ আকনকে দিয়ে এসব করিয়েছেন।
জাকির সরদার ও তাঁর বড় ভাই সালাম সরদার ১৪ হিন্দু পরিবারের বসতভিটাসহ ৪০ একর জমি দখল করার জন্য রশিদ আকনকে দিয়ে দীর্ঘদিন ধরে পরিবারগুলোর সদস্যদের ওপর শারীরিক, মানসিক নির্যাতন চালাচ্ছিলেন। এ পরিস্থিতিতে ২০১৩ সালে তিনটি ও ২০১৪ সালের শেষ দিকে দুটি পরিবার বাড়ি ছেড়ে বরগুনায় আশ্রয় নেয়। গত ১২ মার্চ রাতে আরও নয়টি পরিবার বাড়িঘর ছেড়ে বরগুনায় চলে আসে। ১৩ মার্চ জাকির, সালাম ও রশিদ আকনের নেতৃত্বে সন্ত্রাসীরা এসব পরিবারের বাড়িঘর ভেঙে লুটপাট করে।
এ নিয়ে গত ৩০ মার্চ প্রথম আলোয় ‘১৪টি হিন্দু পরিবারকে উচ্ছেদ’ ও ৩১ মার্চ ‘১৪টি হিন্দু পরিবারকে ঘর তুলে দিচ্ছে প্রশাসন’ এবং ১ এপ্রিল ‘বসতবাড়িতে ফিরল ১৪ হিন্দু পরিবার’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।