১৪টি ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-সিলেট সড়কের ঝুঁকিপূর্ণ ১৪টি সেতু পুনর্নির্মাণের দাবিতে গতকাল শনিবার সড়কের জানিগাঁও এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। মানববন্ধনে এলাকাবাসীও অংশ নেয়।এলাকাবাসী জানায়, জানিগাঁও এলাকার ঝুঁকিপূর্ণ সেতুটি সম্প্রতি দেবে যায়। পরে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সেটির নিচে বস্তা ফেলে কোনো রকমে টিকিয়ে রেখেছে। ভয়াবহ ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে।মানববন্ধনে বক্তারা জানান, দেশের আর কোনো সড়কে এত ঝুঁকিপূর্ণ সেতু আছে বলে তাঁদের জানা নেই। জেলার ২২ লাখ মানুষ এর জন্য ভোগান্তির শিকার হচ্ছে। এই সড়কের ১৪টি সেতু দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অথচ সেগুলো মেরামত বা পুনর্নির্মাণে সরকারের কোনো উদ্যোগ নেই। এসব সেতুর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একই দাবিতে ১৯ জুলাই সড়কের পাগলাবাজার এলাকায় সমাবেশের ঘোষণা করা হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা পরিষদ সভানেত্রী শীলা রায়, সহসভানেত্রী সঞ্চিতা চৌধুরী, নাসিমা আক্তার খানম, সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আরতি তালুকদার, নারীনেত্রী সীমা খাসনবিশ, আরতি পাল প্রমুখ।