১৪টি পদের ১৩টিতেই বিজয়ী বিএনপিপন্থী আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১৪-১৫) বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। নির্বাচনে ১৪টি পদের মধ্যে নীল প্যানেল থেকে সভাপতি, সম্পাদকসহ ১৩ জন নির্বাচিত হয়েছেন।
নীল প্যানেলের খন্দকার মাহবুব হোসেন সভাপতি ও মাহবুব উদ্দিন খোকন সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে একজন সদস্য নির্বাচিত হয়েছেন। ১৪টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ২৮ জন ও স্বতন্ত্র সাতজনসহ মোট ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বুধ ও বৃহস্পতিবার এই নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন এক হাজার ৫৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আবদুল মতিন খসরু এক হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন এক হাজার ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের রবিউল আলম এক হাজার ৪২৯ ভোট পেয়েছেন।
সহসভাপতি পদে খালেদ আহমেদ ও রফিকুল ইসলাম মেহেদী, কোষাধ্যক্ষ পদে মাসুদ আহমেদ সাঈদ, সহকারী সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার ও নাসরিন আক্তার জয়ী হয়েছেন। সাতটি সদস্য পদের মধ্যে সাদা প্যানেল থেকে আবুল কালাম আজাদ এবং নীল প্যানেল থেকে আফসানা রশিদ, মোহাম্মদ আসাদুজ্জামান আনসারী, মোস্তফা কামাল, আইয়ুব আলী, সালমা বেগম ও শামীমা আক্তার বানু নির্বাচিত হন।
বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিরতি দিয়ে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে গতকাল শুক্রবার ভোর সোয়া পাঁচটার দিকে নির্বাচন উপকমিটির আহ্বায়ক নূর হোসেন চৌধুরী ফল ঘোষণা করেন। সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, মোট চার হাজার ৫৭ জন ভোটারের মধ্যে তিন হাজার ১৩৭ জন ভোট দিয়েছেন।