রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে প্রকাশিত ১৪টি বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আইবিএসের সেমিনারকক্ষে বইগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। আইবিএসের পরিচালক এম শহীদুল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এতে স্বাগত বক্তব্য দেন আইবিএস-ইআরসি সাব-প্রজেক্ট ম্যানেজার স্বরোচিষ সরকার।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আইবিএসের আইবিএস-ইআরসি প্রকল্পের অধীনে আইবিএসের শিক্ষক ও ফেলোরা এসব পুস্তক রচনা করেন।
প্রকাশনা উৎসবে প্রণব কুমার পান্ডের বাংলাদেশ পাবলিক পলিসি অ্যানালাইসিস, সম্পাদনা: মুহম্মদ শহীদুল্লাহ, মো. ছাদেকুল আরেফিনের দ্য স্টেট অব বাংলাদেশ ওয়ার্কিং পোর: প্রোগ্রেস অ্যান্ড প্যারাডোক্সেস শীর্ষক গ্রন্থসহ ১৪টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।