১৪টি সরকারি দপ্তরের ফোন বিকল, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ১৪টি সরকারি দপ্তরের টেলিফোন (ল্যান্ডফোন) এক মাস ধরে বিকল রয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে যোগাযোগ বন্ধ থাকায় তাঁদের নানা রকম ঝামেলা পোহাতে হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, উপজেলা আনসার ভিডিপির কার্যালয়, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের টেলিফোন নষ্ট।

১৮ আগস্ট বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে জানা যায়, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাঁদের ব্যক্তিগত মুঠোফোন দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। কর্মকর্তারা বলেন, তাঁদের সরকারি বাসভবনের টেলিফোনগুলোও কাজ করছে না। দীর্ঘদিন ধরে টেলিফোন বিকল হয়ে পড়ে থাকায় অনেক কার্যালয়ের টেলিফোন সেটগুলো অন্যত্র সরিয়ে রাখা হয়েছে।

কর্মকর্তারা আরও বলেন, উপজেলার কয়েকটি কার্যালয়ে ফ্যাক্স আছে। যন্ত্রটি টেলিফোন-সংযোগের মাধ্যমে কাজ করে। টেলিফোন বিকল থাকায় এ কার্যালয়গুলো ফ্যাক্স মেশিনও ব্যবহার করতে পারছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, এক মাসের বেশি সময় ধরে তাঁদের কার্যালয়ের টেলিফোন বিকল। সরকারিভাবে টেলিফোন বাবদ বিল পাওয়া যায়। কিন্তু মুঠোফোন ব্যবহার করলে কোনো বিল দেওয়া হয় না। ফলে প্রয়োজনের তাগিদে নিজের অর্থ ব্যয় করে ব্যক্তিগত মুঠোফোন ব্যবহার করতে হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ‘অনেকেই আমাদের দপ্তরের সরকারি টেলিফোন নম্বরে ফোন করে থাকেন। ফোনে না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কী আর করা। অন্য কোনো উপায় না থাকায় মুঠোফোনের মাধ্যমেই যোগাযোগ সারতে হচ্ছে।’

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ধরমপাশা টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় দুই বছর আগেও টেলিফোনের ১০৪ জন গ্রাহক ছিলেন। বিল বকেয়াসহ নানা কারণে বর্তমানে গ্রাহকের সংখ্যা ৪১।

বিটিসিএল ধরমপাশা টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ের লাইনম্যান আনোয়ার হোসেন বলেন, মাটির নিচে থাকা কেব্‌ল লাইনে সমস্যা দেখা দেওয়ায় টেলিফোন কাজ করছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিটিসিএল সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি দাস মুঠোফোনে বলেন, এ সমস্যা সমাধানের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক বলেন, তিনি স্থানীয় কার্যালয়ে এ নিয়ে কথা বলেছেন। এক মাস ধরে চলতে থাকা এ সমস্যার এখনো সমাধান হয়নি। ফলে ফ্যাক্স ও টেলিফোনে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বিষয়টি নিয়ে আগামী জেলা সমন্বয় কমিটির সভায় কথা বলবেন।