১৪টি সড়কের সবুজবেষ্টনী নিধন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৪টি সড়কের দুই পাশের সবুজবেষ্টনী নিধন চলছেই। রাজনৈতিক অস্থিরতার সুযোগে দুর্বৃত্তরা প্রায় প্রতি রাতেই গাছ কেটে নিয়ে যাচ্ছে। এ নিয়ে বন বিভাগ আজ্ঞতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে দায় সারছে। আর পুলিশ বলছে, কেউ অভিযোগ করে না।

জানা গেছে, ১৯৯৪ সালে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এ ১৪টি সড়কে সবুজবেষ্টনী গড়ে তোলে। এ সময় সড়কের দুই পাশে রোপণ করা হয় শিরীষ, আকাশমনি, ইউকেলিপটাস ও ঝাউগাছ। পরে সওজের আওতাধীন সবুজবেষ্টনী রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বন বিভাগের মগনামা বিট কার্যালয়কে।

সরেজমিনে দেখা যায়, চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়ক, পেকুয়া চৌমুহনী-টৈটং সড়ক, কাটাফাঁড়ি সেতু-মগনামা সড়ক, মগনামা বাজারপাড়া-লঞ্চঘাট সড়ক, মগনামা উপকূলীয় বেড়িবাঁধ সড়ক, পেকুয়া-বরইতলী রাস্তার মাথা সড়ক, চড়াপাড়া-বারবাকিয়া বাজার সড়ক, কাদিমাকাটা রাস্তার মাথা-বারবাকিয়া বাজার সড়ক, রাজাখালী উপকূলীয় বেড়িবাঁধ সড়ক, বারবাকিয়া বাজার-ফাঁসিয়াখালী বেড়িবাঁধ সড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নতুন অফিস-আজিজনগর সড়ক, বানিয়ারছড়া-পহরচাঁদা সড়ক, বাঘগুজারা রাবার ড্যাম-গুরা মিয়া বাজার সড়ক ও করিয়ারদিয়া উপকূলীয় বেড়িবাঁধ সড়কের পাশের সবুজ বেষ্টনীর অধিকাংশ গাছ কেটে ফেলা হয়েছে। পড়ে আছে কাটা গাছের গোড়া।

স্থানীয় উপকারভোগীরা জানান, প্রতি রাতেই এসব সড়কের ১০ থেকে ২০ করে গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ কাটার খবর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লিখিত অভিযোগ ছাড়া কিছুই করার নেই বলে জানায়। তা ছাড়া গাছ কাটার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় তাঁরাও বাধা দেওয়ার সাহস পান না। এসব গাছ আসবাবাপত্র তৈরি ও ঘরের খুঁটি হিসেবে ব্যবহার হচ্ছে। চড়াপাড়া-বারবাকিয়া বাজার সড়কের কাটারিমোরা এলাকার উপকারভোগী মোহাম্মদ কায়সার (২৬) বলেন, রাতের আঁধারে গাছ কাটে দুর্বৃত্তরা। আমরা পুলিশকে জানালেও থানা থেকে কেউ আসে না। বন বিভাগকে জানালে তারা মামলা করে।

এদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন সড়কের গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। ওই সময় সবুজবেষ্টনীর প্রায় এক হাজার গাছ কাটা হয়েছিল বলে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়। এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকেও উপপ্রকৌশলী আবদুল মোতালেব বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। এসব মামলার কোনো অগ্রগতি নেই। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, মামলাটি তনদন্তাধীন আছে।

গাছ কাটা প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, সবুজবেষ্টনীর গাছ কাটার বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। মগনামা উপকূলীয় বনবিট কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, উপকূলীয় বনবিভাগে লোকবল-সংকট তীব্র। এর পরও যেসব জায়গায় সবুজবেষ্টনীর গাছ কাটা পড়ছে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সুনীল কুমার কুণ্ডু বলেন, প্রত্যেক এলাকায় উপকারভোগী আছে। তারা খবর দিলে আমার গিয়ে ব্যবস্থা নিচ্ছি। গত মাসেও এ সংক্রান্ত একটি মামলা হয়েছে।