চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সমবায় কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন অধিকাংশ সমিতি সমবায়বিধি মানছে না। জমা দিচ্ছে না বার্ষিক আয়-ব্যয়ের হিসাব। এসব অভিযোগে বাতিল হয়েছে ১৪ সমিতির নিবন্ধন। এ ছাড়া ৩৫টি সমিতি নিষ্ক্রিয় হয়ে গেছে।
অনেক সমিতি সরকারকে দিচ্ছে না লভ্যাংশের (১০ শতাংশ) টাকা। রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ঘটছে অর্থ আত্মসাতের ঘটনাও। মুখ থুবড়ে পড়েছে সমবায় ও সামাজিক আমানত খাত।
মতলব দক্ষিণ উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে সমবায় সমিতির সংখ্যা ৮০। ২০১২-১৩ অর্থবছরের নিরীক্ষা (অডিট) শেষে ১৪টি সমিতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত নভেম্বরে জেলা সমবায় কর্মকর্তার নির্দেশে ওই ১৪ সমিতির নিবন্ধন বাতিল করে উপজেলা সমবায় কার্যালয়। একই অভিযোগে এ মাসেই ওই নিষ্ক্রিয় ৩৫টি সমিতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।
বাতিল হওয়া সমিতিগুলো হলো: সূর্যমুখী মহিলা সমবায় সমিতি, ঘিলাতলী রুই মহিলা, নারায়ণপুর গোমতী মহিলা, বাড়ৈগাঁও পেয়ারা মহিলা, সচেতন মহিলা, বোয়ালিয়া বহুমুখী, নাগদা ফ্রেন্ডশিপ বহুমুখী, পল্লীমঙ্গল বহুমুখী, ওয়াল সিটি বহুমুখী, পূর্ব বাড়ৈগাঁও যুব, মতলব ইহসান সঞ্চয় ও ঋণদান, উত্তরণ ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব-দুঃখী সঞ্চয় ও ঋণদান এবং জনতা বহুমুখী সমবায় সমিতি।
উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সঞ্জয় কুমার জানান, নিয়ম অনুসারে প্রতিটি সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ও সমিতির বৈধ কমিটির তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক। প্রতিবছর সমিতিকে নিরীক্ষার মুখোমুখি হতে হবে। নিরীক্ষা ফি হিসেবে সরকারকে দিতে হবে লাভের ১০ শতাংশ। ৩ শতাংশ দিতে হবে সমবায় উন্নয়ন তহবিলে। পর পর দুই বছর নিরীক্ষার মুখোমুখি না হলে ওই সমিতির নিবন্ধন বাতিল হয়। উল্লিখিত ১৪ সমিতি এসব শর্ত মানেনি। তবে সমিতির সংখ্যা কমায় এবং লভ্যাংশের টাকা ঠিকমতো জমা না দেওয়ায় রাজস্ব খাতে জমা করা টাকার পরিমাণও কমছে। ২০১১ সালে রাজস্ব খাতে জমা হয়েছে ৫৭ হাজার টাকা, ২০১২ সালে ৪২ হাজার ১৮০, ২০১৩ সালে ৩১ হাজার ৩৬৭ টাকা। দু-একটি সমিতির কর্মকর্তারা টাকা আত্মসাৎও করছেন। গত বছর নারায়ণপুর রূপালী সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম সদস্যদের আমানতের ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সেই টাকা এখনো উদ্ধার হয়নি।
উপজেলার বাড়ৈগাঁও পেয়ারা মহিলা সমবায় সমিতির সদস্য রেহেনা আক্তার বলেন, ‘নিবন্ধন বাতিলের খবর জানছি। যেই টেয়া দিছিলাম, হেইডা নিয়া আইছি।’ উপজেলার নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মোস্তফা মিয়ার অভিযোগ, সমিতির লোকেরা সুদের ব্যবসা করছেন। সুদের টাকা দিতে দিতে সর্বস্বান্ত হচ্ছেন গরিবেরা।
উপজেলা সমবায় কর্মকর্তা দুলাল চন্দ্র দাস জানান, অধিকাংশ সমিতির অবস্থাই যা-তা। সমিতির লোকেরা বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেন না। নিরীক্ষার সময় সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে পালিয়ে যান। লভ্যাংশের টাকা সরকারকে দেন না। সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অনেক সমিতির বৈধ কমিটি নেই।