১৪তম ইউনূস সেন্টার ডিজাইন ল্যাব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের অডিটোরিয়ামে গতকাল শনিবার ১৪তম ‘ইউনূস সেন্টার সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব’ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। খবর ইউএনবির।
অনলাইনে অংশগ্রহণকারীসহ উপস্থিত অতিথিদের স্বাগত জানানোর মধ্য দিয়ে ল্যাবের অধিবেশন শুরু করেন অধ্যাপক ইউনূস। পরে তিনি ডিজাইন ল্যাবগুলোতে এ পর্যন্ত দাখিল করা প্রকল্পগুলোর একটি সারসংক্ষেপ তুলে ধরেন।
ড. ইউনূস জানান, ল্যাবে মোট দাখিল হয়েছে ১১৩টি প্রকল্প, বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়েছে ৯৭টি, প্রায়োগিক পর্যায়ে রয়েছে ৩৬টি আর বিনিয়োগ এসেছে ৫৪টিতে; যেগুলো শিগগিরই চালু করতে প্রস্তুতি চলছে।
গতকাল ১৪তম ডিজাইন ল্যাবে ১৪টি নতুন সামাজিক ব্যবসার ধারণা উপস্থাপন করা হয়। এসবের মধ্যে ছিল ১২টি নবীন উদ্যোক্তা প্রকল্প। গ্রামীণ ব্যাংক পরিবারের সন্তানেরা এসব ব্যবসার তরুণ উদ্যোক্তা।
গতকাল বিভিন্ন অধিবেশনের মধ্যে অনলাইনে বাইরের দেশগুলো থেকে অংশগ্রহণকারীরা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন। সাতটি সামাজিক ব্যবসা চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করার মাধ্যমে শেষ হয় দিনব্যাপী অধিবেশন। কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের দেড় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।