১৪০ রোহিঙ্গাকে অনুপ্রবেশে বাধা
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ মিয়ানমারের ১৪০ জন রোহিঙ্গা নাগরিককে বাধা দিয়েছে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ফিরে যেতে (পুশব্যাক) বাধ্য করা হয়েছে। এ সময় তাদের খাবার ও পানি দেওয়া হয়।
গত শুক্রবার রাত সাড়ে নয়টা ও গতকাল শনিবার সকাল সাতটার দিকে নাফ নদীর সাবরাং নয়াপাড়া ৫ নম্বর স্লুইসগেট, দমদমিয়া ও উখিয়া সীমান্ত এলাকা দিয়ে আটটি নৌকায় করে ওই রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়।
শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত নাফ নদীর শাহপরীর দ্বীপ থেকে দমদমিয়া এলাকা ঘুরে দেখা যায়, সাতটি নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে আসে। এ সময় ঠান্ডা বাতাস ও ক্ষুধায় কাতর শিশুদের বিমর্ষ ও আতঙ্কগ্রস্ত দেখাচ্ছিল।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, মিয়ানমারের ফাতংজা এলাকা হয়ে টেকনাফের নয়াপাড়া ৫ নম্বর স্লুইসগেট এলাকা দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। সাতটি নৌকায় ১৫ থেকে ২০ জন করে রোহিঙ্গা ছিল। প্রায় এক ঘণ্টা ধরে তারা অনুপ্রবেশের চেষ্টা করে। বাধা দিলে তারা একই এলাকা দিয়ে ফিরে যায়। তাদের মধ্যে ৬১ জন নারী ও ২৮ জন পুরুষ ও ৩৬টি শিশু ছিল। নাফ নদীজুড়ে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। নদীর মিয়ানমার জলসীমায় কিছু লোককে নৌকায় দেখা যাচ্ছে। নজরদারি বাড়ানোয় রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে পারছে না।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, শুক্রবার রাত ১০টার দিকে নাফ নদীর দমদমিয়া এলাকায় একটি নৌকায় করে মিয়ানমারের দুজন নারী, দুজন শিশুসহ পাঁচজন অনুপ্রবেশের চেষ্টা চালায়। বিজিবির টহল দলের বাধার মুখে তারা ফিরে যায়।
উখিয়ার সীমান্তের দায়িত্বে থাকা ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গতকাল সকালে উখিয়া সীমান্ত এলাকায় অনুপ্রবেশের চেষ্টাকালে দুজন পুরুষ, পাঁচজন নারী ও তিনজন শিশুকে বাধা দেওয়া হয়।
বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পূর্বনির্ধারিত রুটিন মোতাবেক দু-এক দিনের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বিজিবির রিজিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক হলে রোহিঙ্গা ও সীমান্ত এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।