১৪০০ শিশুর জন্য প্রথম আলোর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে প্রথম আলোর পক্ষ থেকে ইফতার সামগ্রী দেওয়া হয়। ছবি: জাহিদুল করিম
আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে প্রথম আলোর পক্ষ থেকে ইফতার সামগ্রী দেওয়া হয়। ছবি: জাহিদুল করিম

প্রথম আলোর উদ্যোগে রাজধানীর দুটি এতিমখানায় ১ হাজার ৪০০ শিশুর মাঝে রোববার ইফতার ও রাতের খাবার দেওয়া হয়েছে। এতিমখানা দুটি হলো তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানা এবং কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসা।

ইফতারের আগে প্রথম আলোর প্রশাসন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে দুটি এতিমখানার শিশুদের হাতে খাবার তুলে দেন। ইফতারের খাবারে ছিল খেজুর, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, আপেল, ফ্রুট ড্রিংক। এর সঙ্গে রাতের খাবার হিসেবে দেওয়া হয় বিরিয়ানি।
ইফতারের আগে দুটি এতিমখানাতেই পৃথক মোনাজাত অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আবু সালেহ তাজুল আলম। জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় মোনাজাত পরিচালনা করেন এতিমখানার সুপারভাইজার মাওলানা মো. নুরুল হক। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি প্রথম আলোর সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।

একই সময় কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার দেওয়া হয়। ছবি : আবদুস সালাম
একই সময় কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার দেওয়া হয়। ছবি : আবদুস সালাম

তেজগাঁওয়ের এতিমখানায় প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট মুহাম্মদ নজরুল ইসলাম, শিক্ষক মাওলানা মোখলেছুর রহমান, প্রথম আলোর প্রশাসন বিভাগের প্রধান শেখ জামাল আখতার, নির্বাহী (প্রশাসন) শামসুন নাহার, জ্যেষ্ঠ নির্বাহী সাদিয়া আফরিন, উপসহকারী প্রকৌশলী (উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিভাগ) সেলিম খানসহ এতিমখানার প্রায় ১ হাজার ২০০ সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া কারওয়ান বাজারের এতিমখানায় প্রতিষ্ঠানটির শিক্ষক হাফেজ মো. ফয়েজুর রহমান, হাফেজ মো. আবদুল মান্নান, হাফেজ মো. হাবিবুর রহমান, মাওলানা মো. জাকির হোসেন, প্রথম আলোর মহাব্যবস্থাপক (অর্থ) মোহাম্মদ জসিম উদ্দিন, মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রুবায়েত তৌহিদ সিদ্দিকী, ব্যবস্থাপক মো. শামীম খান, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) এ বি এম খায়রুল কবির, নির্বাহী (প্রশাসন) আবদুল্লাহ আল নাঈমসহ ২০০ শিশু উপস্থিত ছিল। প্রথম আলোর পক্ষ থেকে গত বছরও এ আয়োজন করা হয়।